আখেরি মোনাজাত শেষে ফেরার পথে গাড়িচাপায় নিহত ১
টঙ্গীর বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত শেষে বাড়ি ফেরার পথে গাজীপুর সিটি করপোরেশনের সাইনবোর্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়িচাপায় এক তরুণ নিহত হয়েছেন। গত রোববার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তরুণের নাম মো. বাইতুল্লাহ আশরাফুল ইসলাম (২৩)। তিনি রংপুরের পীরগাছার শিবদেবচর এলাকার আবুবক্কর মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, আশরাফুল ঢাকার সাভারের আশুলিয়া এলাকার একটি বাড়িতে থেকে পোশাক কারখানায় চাকরি করতেন। চার দিন আগে ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে তিনি স্থানীয় একটি বাসায় ওঠেন। সেখান থেকে তিনি রোববার ইজতেমার আখেরি মোনাজাতে শরিক হন। পরে সাইনবোর্ড এলাকায় এক আত্মীয়ের সঙ্গে দেখা করতে যান। রোববার রাতে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হন তিনি। পথে সাইনবোর্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় একটি গাড়ি আশরাফুলকে চাপা দেয়। গতকাল সোমবার ভোরে স্থানীয় লোকজন উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. আবদুস সালাম বলেন, গতকাল দুপুরে আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।