আখেরি মোনাজাতে দেশ-জাতি-মানবতার সমৃদ্ধি কামনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে গতকাল শনিবার তিন দিনের ইজতেমা শেষ হয়েছে। মোনাজাতে দেশ-জাতি-মানবতার কল্যাণ ও সমৃদ্ধি কামনা এবং সারা বিশ্বের মুসলিম উম্মাহর হেদায়েত ও শান্তি কামনা করা হয়েছে।
ঠাকুরগাঁওয়ে দুপুর ১২টার দিকে আখেরি মোনাজাত শুরু হয়। ২০ মিনিটব্যাপী এ মোনাজাত পরিচালনা করেন কাকরাইলের শুযরা সদস্য মাওলানা মোহাম্মদ হোসাইন। তাঁর সঙ্গে লাখো মুসল্লি দুই হাত তুলে ‘আমিন’, ‘আমিন’ ধ্বনি তোলেন। এই মোনাজাতে ব্যক্তিজীবনের গুনাহ মাফ, দোজাহানের কল্যাণ কামনার পাশাপাশি নিজের দেশ ও বিশ্বের শান্তি, মুসলিম উম্মাহর ঐক্য, সব মানুষের হেদায়েত, অসুস্থ ব্যক্তিদের জন্য রোগমুক্তি, নির্যাতিত ও বিপদগ্রস্ত ব্যক্তিদের পরিত্রাণ, পৃথিবী থেকে চিরবিদায় নেওয়া আত্মীয়স্বজনসহ সব কবরবাসীর রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
এদিকে পঞ্চগড়ে বেলা ১১টা থেকে দুপুর পৌনে ১২টা পর্যন্ত ওই মোনাজাত হয়। মোনাজাত পরিচালনা করেন ঢাকার কাকরাইল মসজিদের তাবলিগ জামায়াতের মুরব্বি হজরত মাওলানা মো. রবিউল হক।
ইজতেমার আয়োজক কমিটির পক্ষে শুররা সদস্য মো. মখলেছুর বলেন, শান্তিপূর্ণভাবে তিন দিনের জেলা ইজতেমা শেষ হয়েছে। দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর হেদায়েত ও শান্তি কামনা করে সেখানে আখেরি মোনাজাত হয়।
ইজতেমায় নারীদের অংশগ্রহণের সুযোগ না থাকলেও মাঠের পাশে ও আশপাশের বাসাবাড়ির কয়েক হাজার নারী বয়ান শোনেন ও আখেরি মোনাজাতে অংশ নেন।
মোনাজাতে অংশগ্রহণকারী সাংসদ নাজমুল হক প্রধান বলেন, এ যেন ধর্মপ্রাণ মানুষের মিলনমেলা। এখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষও অংশ নেন। পুলিশ সুপার গিয়াসউদ্দিন আহমদ বলেন, ইজতেমা মাঠসহ পুরো এলাকার নিরাপত্তায় পুলিশ সদস্যরা দিনরাত দায়িত্ব পালন করেছেন।