আখেরি মোনাজাতে শরিক হলেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে শরিক হয়েছেন। রাজধানীর উপকণ্ঠে তুরাগ নদের তীরে টঙ্গীতে গতকাল রোববার বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হয়।
প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে আখেরি মোনাজাতে অংশ নেন। কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, সাবেক মন্ত্রী দীপু মনি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সদস্যরা মোনাজাতে অংশ নেন। দেশ এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ভারতীয় ইসলামি চিন্তাবিদ জোবায়রুল হাসান ২০ মিনিট স্থায়ী মোনাজাত পরিচালনা করেন।
তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমার তিন দিনব্যাপী বার্ষিক জমায়েতের প্রথম পর্বে ৫৯টি দেশের কয়েক হাজার বিদেশিসহ লাখ লাখ মুসল্লি আখেরি মোনাজাতে অংশ নেন। নয়াদিল্লিভিত্তিক তাবলিগ জামাত ১৯৬৬ সাল থেকে ইজতেমা আয়োজন করে আসছে। ইজতেমার প্রথম পর্বে ৩২টি জেলার মুসল্লিরা অংশ নেন। ঢাকাসহ বাকি ৩৩টি জেলার মুসল্লিরা ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নেবেন।