আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমা শেষ
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়ার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের সরুগ্রাম উচ্চবিদ্যালয় মাঠে বিশ্ব ইজতেমা শেষ হয়েছে।
গত বৃহস্পতিবার ফজরের নামাজের পর থেকে তিন দিনব্যাপী দেশের ৩৭তম দ্বিতীয় বৃহত্তম বিশ্ব ইজতেমা শুরু হয়।
ইজতেমার আয়োজক কমিটির সদস্য হুমায়ন কবির বলেন, অন্যান্য বছরের মতো এবারও ঢাকার কাকরাইল মসজিদের মেহমানদের তত্ত্বাবধানে ইজতেমা পরিচালিত হয়েছে। সারা দেশসহ সৌদি আরব, ফিলিস্তিন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও দক্ষিণ আফ্রিকার মুসল্লিরা ইজতেমায় জমায়েত হন। নবী রাসুলের তরিকা ও আল্লাহর ইবাদত-বন্দেগিসহ ধর্মীয় বিষয় নিয়ে দেশ-বিদেশের ওলামায়ে কেরামগণ কোরআন ও হাদিস থেকে বয়ান করেন।
এ ছাড়া ইজতেমায় তাবলিগ জামাতের গুরুত্বপূর্ণ কার্যক্রম ও করণীয় বিষয়ে মুসল্লিদের অবগত করা হয়। ইজতেমা এলাকায় অসংখ্য মানুষের সমবেত কণ্ঠে আল্লাহ আল্লাহ ধ্বনিতে চারপাশ মুখরিত হয়। বাড়ির আঙিনায় বসে মহিলাদের বয়ান শোনার জন্য মাইকের ব্যবস্থা ছিল। আখেরি মোনাজাত করেন ঢাকার কাকরাইল মসজিদের তাবলিগ জামাতের মুরব্বি মাওলানা মোহাম্মদ হোসাইন। দুপুর সাড়ে ১২টার দিকে মোনাজাত শেষ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমান বলেন, ইজতেমা ময়দানে মুসল্লিদের প্রাথমিক চিকিৎসার ব্যাবস্থাসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য কেনাবেচার ব্যবস্থা করা হয়। এ ছাড়া তাঁদের নিরাপত্তার জন্য আইনপ্রয়োগকারী সংস্থার লোকজন ইজতেমা ময়দানে সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন।