আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো খুলনা ইজতেমা
মুসলিম উম্মাহর সুখ-শান্তি, কল্যাণ ও অগ্রগতি কামনা করে লাখো মুসল্লির আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তিন দিনের খুলনা জেলা ইজতেমা শেষ হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টা ১৭ মিনিটে আখেরি মোনাজাত শুরু হয়। ১৫ মিনিটব্যাপী মোনাজাত পরিচালনা করেন কাকরাইলের শুেরা সাথি মাওলানা ফারুক হুসাইন।
মোনাজাত চলাকালে ইজতেমাস্থল ও আশপাশ এলাকা ‘আমিন’, ‘আমিন’ ধ্বনিতে মুখরিত হয়। সকাল নয়টার আগেই ইজতেমা ময়দান, আশপাশের এলাকা ও খানজাহান আলী বাইপাস সড়ক কানায় কানায় পূর্ণ হয়ে যায়। আশপাশের এলাকার দোকানের বেঞ্চে বসে, অলি-গলি, বিভিন্ন ভবনের ছাদ থেকে যে যেখানে ছিলেন, সেখান থেকেই মোনাজাতে শরিক হন।
ইজতেমায় অংশ নেন খুলনার জেলা প্রশাসক নাজমুল আহসান, স্থানীয় সাংসদ মিজানুর রহমান, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, শিল্পপতি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
খুলনার ধর্মীয় উৎসবে সর্বোচ্চ সংখ্যক মুসল্লির উপস্থিতি এই প্রথম। গত বৃহস্পতিবার শহরের অদূরে জিরো পয়েন্ট-সংলগ্ন ছয় লাখ বর্গফুট এলাকার প্যান্ডেল জুড়ে তিন দিনের খুলনা জেলা ইজতেমা শুরু হয়। ২০১৯ সালে আবার খুলনায় জেলা ইজতেমা অনুষ্ঠিত হবে।
আখেরি মোনাজাতের আগে খানজাহান আলী সেতুর পশ্চিম প্রান্ত থেকে জয় বাংলার মোড় এবং গল্লামারি থেকে নিজখামার পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। মোনাজাতের পরই ময়দান ত্যাগ করে মুসল্লিরা নিজ নিজ ঘরে ফিরতে শুরু করেন।