আগ বাড়িয়ে ভর্তি বিজ্ঞপ্তি দিয়ে নোটিশ পেল ৫ কলেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভর্তি শুরুর নির্ধারিত সময়ের আগেই ‘একাদশ শ্রেণিতে ভর্তি চলছে’ বলে বিজ্ঞাপন দেওয়ায় পাঁচটি কলেজকে সতর্ক করে নোটিশ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড। আজ বৃহস্পতিবার ওই কলেজগুলোকে তিন দিনের মধ্যে এর ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

নোটিশ পাওয়া কলেজগুলো হল—ক্যামব্রিয়ান কলেজ, কিংস কলেজ, মেট্রোপলিটন কলেজ, উইনসাম কলেজ ও শ্যামলী আইডিয়াল কলেজ।
এ বিষয়ে ঢাকা শিক্ষাবোর্ডের ওয়েবসাইটেও সতর্কীকরণ বিজ্ঞপ্তিও প্রচার করেছে। নীতিমালা অনুযায়ী ২৫ জুন ভর্তির জন্য মনোনীতদের তালিকা প্রকাশের পর শিক্ষাবোর্ডের ঘোষিত সময়সূচি অনুযায়ী ভর্তির কাজ শুরু হবে।
সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলা হয়, উল্লিখিত কলেজগুলো ‘একাদশ শ্রেণিতে ভর্তি চলছে’ বলে পত্রিকায় বিজ্ঞাপন প্রচার করায় শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। তাই এখন থেকে এ ধরনের কাজ না করার জন্য সতর্ক করা হয়।

আবেদনের সময় বাড়ল
২০১৫-১৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদনের সময় তিন দিন বাড়ানো হয়েছে। আগের সময় অনুযায়ী আজ বৃহস্পতিবার আবেদনের শেষ সময় ছিল। বর্ধিত সময় অনুযায়ী ২১ জুন পর্যন্ত আবেদন করা যাবে বলে জানান ঢাকা শিক্ষা বোর্ডের সিনিয়র সিস্টেম এনালিস্ট মঞ্জুরুল কবীর। তিনি প্রথম আলোকে বলেন,এই সময়ে কলেজের পছন্দক্রমে কোনো ভুল হয়েছে কি না, সেটাও যেন ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা যাচাই করে। ওয়েবসাইটে সেই সুযোগ রাখা হয়েছে। ভুল হলে সংশোধনের জন্য বোর্ডে যোগাযোগের পরামর্শ দেন তিনি।
এবার অনলাইন ও আগের মতো খুদে বার্তায় আবেদন গ্রহণ করা হচ্ছে। ৬ জুন থেকে আবেদন শুরু হয়। মঞ্জুরুল কবীর জানান, গতকাল পর্যন্ত আবেদন করেছে প্রায় ১০ লাখ ৯২ হাজার ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী।