আগর চাষে মানুষ ভাগ্য পরিবর্তন করতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগর চাষকে সরকার শিল্প হিসেবে ঘোষণা করেছে। আগর চাষের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের মানুষ নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারে। বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) ও বন বিভাগ থেকে চাষিদের প্রযুক্তিগত সহযোগিতা দেওয়া হবে।
গতকাল বুধবার সকাল ১০টায় রাঙামাটি জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত ‘আগর শিল্প উন্নয়ন ও সম্ভাবনা’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় সরকারি কর্মকর্তারা এ আশ্বাস দেন। চট্টগ্রামের বিএফআরআই এ কর্মশালার আয়োজন করে।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন বলেন, পার্বত্য এলাকার মানুষের আয় বাড়াতে পারলে অনেক সমস্যার সমাধান সম্ভব হবে। সে ক্ষেত্রে আগর চাষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ অঞ্চলের জনসম্পদ, বন-পাহাড় কাজে লাগানো গেলে অবশ্যই অর্থনৈতিক সমৃদ্ধি আসবে।
কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তফা জামান, পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগীয় কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম। কর্মশালায় রাঙামাটি জেলা হেডম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি চিংকিউ রোয়াজা, বাঘাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান বড়ঋষি চাকমাসহ রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার অর্ধশতাধিক জনপ্রতিনিধি ও আগরচাষি অংশগ্রহণ করেন।