আখাউড়া-আগরতলার মধ্যে নির্মিতব্য রেলপথের আগরতলা অংশের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল রোববার দুপুরে ভারতের ত্রিপুরার রাজধানী আগরতলা রেলস্টেশন চত্বরে যৌথভাবে এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বাংলাদেশের রেলমন্ত্রী মুজিবুল হক এবং ভারতের সুবেশী প্রভাকর প্রভু।
আখাউড়া থেকে আগরতলা পর্যন্ত নির্মিতব্য রেলপথের দৈর্ঘ্য প্রায় ১৫ কিলোমিটার। এর মধ্যে আখাউড়া অংশে ১০ ও আগরতলা অংশে ৫ কিলোমিটার রেললাইন হবে। আগরতলা স্টেশন থেকে সরাসরি বাংলাদেশের গঙ্গাসাগর স্টেশনে যুক্ত হবে এই রেলপথ। পুরো রেলপথের নির্মাণকাজ হবে ভারতীয় অর্থে।
রেলমন্ত্রী মুজিবুল হক গণমাধ্যমকর্মীদের বলেন, ভারত অংশের ভিত্তিপ্রস্তর হলো। বাংলাদেশ অংশের ভিত্তিপ্রস্তরও শিগগিরই হবে। এ জন্য জরিপ ও মাটি পরীক্ষার কাজ শেষ হয়েছে। জমি অধিগ্রহণ শুরু হবে অল্প কিছুদিনের মধ্যে।
এর আগে আখাউড়া স্থলবন্দর দিয়ে বেলা সাড়ে ১১টার দিকে আগরতলা পৌঁছান বাংলাদেশের রেলমন্ত্রী। ত্রিপুরার পর্যটনমন্ত্রী রতন ভৌমিক তাঁকে অভ্যর্থনা জানান।
রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী শহীদুল ইসলাম বলেন, এ ট্রেন চলাচল শুরু হলে দুই দেশের বাণিজ্য ও সংযোগ বৃদ্ধি পাবে। এই রেললাইন তৈরি হয়ে গেলে আগরতলা থেকে কলকাতা হয়ে শিলিগুড়ি পর্যন্ত ১ হাজার ৭০০ কিলোমিটারের দূরত্ব কমে ৩৫০ কিলোমিটার হবে।