আগরতলা-আখাউড়া রেলপথ নিয়ে পর্যালোচনা বৈঠক কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা থেকে বাংলাদেশের আখাউড়া পর্যন্ত প্রস্তাবিত রেলপথ বাস্তবায়ন নিয়ে কাল বুধবার নয়াদিল্লিতে পর্যালোচনা বৈঠক ডাকা হয়েছে। বৈঠক থেকে এই রেলপথ বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
পর্যালোচনা বৈঠকটি ডেকেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে যোগ দেবেন ত্রিপুরার পরিবহনসচিব সমরজিৎ ভৌমিক ও নয়াদিল্লিতে ত্রিপুরা সরকারের আবাসিক কমিশনার জে কে সিনহা।
কালকের বৈঠকেই আগরতলা-আখাউড়া রেলপথ বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে ত্রিপুরার পরিবহনসচিব সমরজিৎ ভৌমিক গত শনিবার ইঙ্গিত দিয়েছেন।
ভারতের নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলপথের অধীন এই রেলপথ হবে ১৫ কিলোমিটার দীর্ঘ। এই পথের পাঁচ কিলোমিটার পড়বে ভারতে, বাকি ১০ কিলোমিটার বাংলাদেশে।
রেলপথটি নির্মাণ করবে ভারতের রেল কর্তৃপক্ষ। লাইন নির্মাণ করবে ইন্ডিয়ান রেলওয়ে কনস্ট্রাকশন কোম্পানি। নির্মাণব্যয় ২৭১ কোটি রুপি। ভারত সরকার এই খরচ বহন করবে।
২০১০ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর করেন। এ সময় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে বৈঠককালে এই রেল-প্রকল্প নিয়ে আলোচনা হয়। গত বছরের ফেব্রুয়ারিতে এ নিয়ে দুই দেশের মধ্যে একটি সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়।