আগরতলা-আখাউড়া রেলপথ নির্মাণকাজ ডিসেম্বরে শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা থেকে বাংলাদেশের আখাউড়া পর্যন্ত ১৫ কিলোমিটার রেলপথ নির্মাণের কাজ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। গতকাল বুধবার সকালে আগরতলায় উভয় দেশের প্রতিনিধিদের নিয়ে গঠিত জয়েন্ট প্রজেক্ট স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে এ কথা জানানো হয়েছে।

বৈঠকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এ কে গুপ্তা এবং বাংলাদেশের রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শশীকুমার সিংহ নিজ নিজ দেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

আগরতলার সরকারি অতিথিশালায় এই জয়েন্ট স্টিয়ারিং কমিটির চতুর্থ দফার বৈঠকের পর বাংলাদেশের প্রতিনিধিদলের নেতা শশীকুমার সিংহ সাংবাদিকদের জানান, জমি অধিগ্রহণের কাজ চলছে। ডিসেম্বরেই যাতে রেলপথ নির্মাণকাজ শুরু করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে। তাঁর দাবি, বাংলাদেশ সরকারও আন্তরিকভাবে চাইছে আড়াই বছরের মধ্যে এ কাজ শেষ হোক।

বৈঠকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এ কে গুপ্তা সাংবাদিকদের জানান, কাজের অগ্রগতি নিয়ে বৈঠকে আলোচনা হয়। তেমন কোনো সমস্যা নেই। পুরো প্রকল্পে খরচ ধরা হয়েছে ৯৭২ কোটি রুপি। পুরোটাই বহন করছে ভারত সরকার। ইতিমধ্যে জমি অধিগ্রহণের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে।

আগরতলা থেকে মাত্র পাঁচ কিলোমিটার রেলপথ নির্মাণ করলে তা পৌঁছে যাবে ভারত-বাংলাদেশ সীমান্তের নিশ্চিন্তপুরে। জমি বাঁচাতে এই পাঁচ কিলোমিটারের প্রায় চার কিলোমিটারে উড়ালরেল স্থাপনের সিদ্ধান্ত হয়েছে।