আগরতলা বইমেলা শুরু
উত্তর-পূর্ব ভারতের রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলায় ৩২তম আগরতলা বইমেলা গতকাল বৃহস্পতিবার বিকেলে শুরু হয়েছে। চলবে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত।
বিকেলে মেলার উদ্বোধন করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ইমেরিটাস অধ্যাপক ও ভারতের পদ্মভূষণ সম্মাননাপ্রাপ্ত শিক্ষাবিদ আনিসুজ্জামান ও আসামের শিক্ষাবিদ হীরেন গোঁহাই।
মেলায় অতিথি হিসেবে যোগ দিতে বৃহস্পতিবার দুপুরে আখাউড়া স্থলবন্দর দিয়ে আগরতলায় যান অধ্যাপক আনিসুজ্জামান।
জানা গেছে, এবার আগরতলা বইমেলা তার পুরোনো জায়গা বদল করে আয়োজিত হচ্ছে রাজধানী শহরের উমাকান্ত একাডেমি মাঠের বিস্তৃত এলাকায়। এই বিদ্যাপীঠ রাজ্যের ঐতিহ্যবাহী ও রবীন্দ্রস্মৃতিবিজড়িত। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন তিনবার। এবারের মেলায় ১১৫টি স্টল রয়েছে। এর মধ্যে বাংলাদেশের দুটি, গুয়াহাটির পাঁচটি, কলকাতার ৪০টি, দিল্লির তিনটি ও ত্রিপুরার ৬৫টি।