আগরতলা মামলার অভিযুক্তদের জাতীয় বীর ঘোষণার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঐতিহাসিক আগরতলা মামলা মূল্যায়ন পরিষদ আয়োজিত শোকসভায় বক্তারা এই মামলায় অভিযুক্ত ব্যক্তিদের জাতীয় বীর ঘোষণার দাবি জানিয়েছেন।

মামলার ৩০ নম্বর অভিযুক্ত মুক্তিযোদ্ধা মাহবুব উদ্দিন চৌধুরী ও ৩৪ নম্বর অভিযুক্ত মুক্তিযোদ্ধা খুরশীদ উদ্দিন আহম্মেদের মৃত্যুতে আয়োজিত শোকসভায় বক্তারা এ দাবি জানান। মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে গতকাল শনিবার এ শোকসভা হয়।

শোকসভায় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও মামলার ২৬ নম্বর অভিযুক্ত শওকত আলী বলেন, আগরতলা মামলার অভিযোগ সত্য ছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে পাকিস্তানি সেনাবাহিনীর বাঙালি সদস্যরা দেশকে স্বাধীন করার জন্য পরিকল্পনা করেছিলেন।  আরও বক্তব্য দেন মাজেদা শওকত, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক ও মামলার ২৯ নম্বর অভিযুক্ত আবদুল জলিল, বিটিভির বার্তা সম্পাদক শাহ শেখ মজলিস প্রমুখ। সভাপতিত্ব করেন আগরতলা মামলা মূল্যায়ন পরিষদের সভাপতি আবু আহাদ।