আগরতলা মামলার ভূমিকাকে স্বাধীনতা পদক দেওয়ার দাবি
বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের প্রস্তুতি পর্বের উজ্জ্বল অধ্যায় আগরতলা মামলা। এই মামলার ভূমিকাকে জাতি সর্বোচ্চ সম্মান দিলেও কোনো সরকারই তেমনভাবে এর মূল্যায়ন করেনি। তাই আগরতলা ষড়যন্ত্র মামলার ভূমিকাকে স্বাধীনতা পদক দিয়ে সম্মানিত করতে হবে।
আজ শনিবার ঢাকা সেনানিবাসের বিজয়কেতন জাদুঘরে আগরতলা মামলায় অভিযুক্ত ব্যক্তিদের মুক্তির ৪৫তম বার্ষিকীতে আগরতলা মামলা মূল্যায়ন পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় এ দাবি করেন বক্তারা।
মুক্তিযুদ্ধের প্রস্তুতি পর্বের উজ্জ্বল অধ্যায় আগরতলা ষড়যন্ত্র মামলার ভূমিকাকে স্বাধীনতা পদক দিয়ে সম্মানিত করার দাবি জানিয়েছেন তাঁরা। পাশাপাশি তাঁরা শিক্ষার নিম্ন পর্যায় থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত পাঠ্যক্রমে এই মামলার ইতিহাস তুলে ধরার দাবিও জানিয়েছেন।
আলোচনায় অংশ নিয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এই মামলার বিরুদ্ধে বাংলাদেশের ছাত্রসমাজসহ সর্বস্তরের মানুষের রুখে দাঁড়ানোর কথা স্মরণ করেন। ডাকসুর সে সময়ের ভিপি তোফায়েল আহমেদ আরও বলেন, আগরতলা মামলা বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের প্রস্তুতি পর্যায়ের গুরুত্বপূর্ণ অধ্যায়।
আগরতলা মামলার অভিযুক্ত সাবেক ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলী সে সময়ের স্মৃতিচারণা করেন। নিজের লেখা বইয়ের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, এই মামলায় অভিযুক্ত ব্যক্তিরা কোনে ষড়যন্ত্র করেননি। ষড়যন্ত্র করেছে পাকিস্তানিরা। পাকিস্তানিদের সব বাধা এড়িয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে সময়ের ধারাবাহিকতায়। কিন্তু এই মামলায় অভিযুক্ত অনেকেই যথাযথ সম্মান পাননি।
আগরতলা মামলায় অভিযুক্ত ব্যক্তিদের আইনজীবী ব্যারিস্টার আমীর-উল ইসলাম সে সময়ের রাজনৈতিক পরিস্থিতির নানা সমীকরণের কথা তুলে ধরেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুরদর্শী চিন্তা এবং ভূমিকার কথাও তুলে ধরেন তিনি।
মোজাম্মেল হক বীর প্রতীক অভিযোগ করে বলেন, এত বছরেও আগরতলা মামলার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের যথোপযুক্ত সম্মান দেওয়া হয়নি। এ যাবত্ কোনো সরকারই তাঁদের জন্য কিছু করেনি।
মামলার আরেক অভিযুক্ত নুর মোহাম্মদও একই সুরে কথা বলেন। তাঁদের সঠিক মূল্যায়নের দাবি জানান তিনি।
আগরতলা মামলা চলাকালীন পাকিস্তানি সামরিক জান্তার হাতে নির্মম হত্যাকাণ্ডের শিকার সার্জেন্ট জহুরুল হকের ভাইয়ের মেয়ে নাজনীন হক মিলি বলেন, স্বাধীনতার প্রাথমিক পর্বে এই মামলা মাইলফলক হিসেবে চিহ্নিত। এই মামলার সার্বিক ইতিহাস ভবিষ্যত্ প্রজন্মকে জানাতে উদ্যোগ নেওয়ার দাবি জানান তিনি।
আলোচনায় অংশ নিয়ে সাংবাদিক আবেদ খান বলেন, ‘প্রতিবছরই আমরা একই বক্তব্য দিয়ে যাই। একই অবস্থা থাকে। কোনো কিছুই পরিবর্তন হয় না। আমরা কোথায় জানাব আমাদের দাবি?’ এই মামলার ভূমিকাকে স্বাধীনতা পদক দেওয়ার দাবি জানান তিনি। পাঠ্যবইয়ে সঠিক ইতিহাস সংযোজনেরও দাবি তোলেন আবেদ খান। পাশাপাশি এই মামলা সংশ্লিষ্ট যাঁরা বেঁচে আছেন তাঁদের সামাজিক ও অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত করে গৌরবান্বিত করার দাবি জানান।
আলোচনায় আরও অংশ নেন ড. শামসুল আলম, আবদুল জলিল, আবদুর রহিম, আবু আহাদ প্রমুখ।