আগরতলা মামলার ভূমিকাকে স্বাধীনতা পদক দেওয়ার দাবি
বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের প্রস্তুতি পর্বের উজ্জ্বল অধ্যায় আগরতলা মামলা। এই মামলার ভূমিকাকে জাতি সর্বোচ্চ সম্মান দিলেও কোনো সরকারই তেমনভাবে এর মূল্যায়ন করেনি। তাই আগরতলা ষড়যন্ত্র মামলার ভূমিকাকে স্বাধীনতা পদক দিয়ে সম্মানিত করতে হবে।
গতকাল শনিবার আগরতলা মামলা মূল্যায়ন পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এ দাবি করেন। শিক্ষার নিম্নপর্যায়
থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত পাঠ্যক্রমে এই মামলার ইতিহাস তুলে ধরারও দাবি জানান তাঁরা।
আগরতলা মামলায় অভিযুক্ত ব্যক্তিদের মুক্তির ৪৫তম বার্ষিকীতে ঢাকা সেনানিবাসের বিজয়কেতন জাদুঘরে এ আলোচনার আয়োজন করা হয়।
আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এই মামলার বিরুদ্ধে বাংলাদেশের ছাত্রসমাজসহ সর্বস্তরের মানুষের রুখে দাঁড়ানোর কথা স্মরণ করেন। ডাকসুর সে সময়ের ভিপি তোফায়েল আহমেদ বলেন, আগরতলা মামলা বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের প্রস্তুতি পর্যায়ের গুরুত্বপূর্ণ অধ্যায়।
আগরতলা মামলায় অভিযুক্ত সাবেক ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলী বলেন, এই মামলায় অভিযুক্ত ব্যক্তিরা কোনো ষড়যন্ত্র করেননি। ষড়যন্ত্র করেছে পাকিস্তানিরা। পাকিস্তানিদের সব বাধা এড়িয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে সময়ের ধারাবাহিকতায়। কিন্তু এই মামলায় অভিযুক্ত অনেকেই যথাযথ সম্মান পাননি।
আগরতলা মামলায় অভিযুক্ত ব্যক্তিদের আইনজীবী আমীর-উল ইসলাম সে সময়ের রাজনৈতিক পরিস্থিতির নানা সমীকরণের কথা তুলে ধরেন।
অন্যদের মধ্যে বক্তব্য দেন মোজাম্মেল হক বীর প্রতীক, সাংবাদিক আবেদ খান, শামসুল আলম, আবদুল জলিল, আবদুর রহিম, আবু আহাদ প্রমুখ।