আগরতলা ষড়যন্ত্র মামলার অভিযুক্তদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হবে: রাষ্ট্রপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি মোহাম্মদ জিলুর রহমান বলেছেন, দেশের স্বাধীনতার লক্ষ্যে সাহসী অবদানের জন্য আগরতলা ষড়যন্ত্র মামলার মোট ৩৫ আসামি এবং চার স্বাক্ষীকে রাষ্ট্রীয় স্বীকৃতি ও সম্মান দেওয়া হবে। খবর বাসসের।১৯৬৮ সালে রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্যের নামে দায়ের করা এ মামলায় অভিযুক্তদের চার সদস্যের একটি প্রতিনিধিদল গতকাল বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত্ করতে গেলে তিনি এ কথা বলেন।ডেপুটি স্পিকার শওকত আলীর নেতৃত্বে প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) খুরশিদ উদ্দিন আহমেদ, কর্নেল (অব.) শামসুল আলম ও ফ্লাইট সার্জন (অব.) আবদুল জলিল।সাক্ষাত্কালে রাষ্ট্রপতি বলেন, সাহসিকতা এবং ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান ও ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের পক্ষে গণসচেতনতা সৃষ্টিতে ঐতিহাসিক অবদানের জন্য অনেক আগেই তাদের রাষ্ট্রীয় সম্মান দেওয়া উচিত ছিল।রাষ্ট্রপতি জিল্লুর রহমান বলেন, আগরতলা ষড়যন্ত্র মামলার সব আসামি ও স্বাক্ষীর পরিবারবর্গের কল্যাণ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। উল্লেখ্য, তাঁদের মধ্যে বর্তমানে মাত্র ১১ জন জীবিত আছেন। ডেপুটি স্পিকার শওকত আলী বঙ্গবন্ধু ও অন্য ৩৪ জনের বিরুদ্ধে তত্কালীন পাকিস্তান সরকারের দায়ের করা এ রাষ্ট্রদ্রোহ মামলার প্রেক্ষাপট এবং এ সংক্রান্ত বিভিন্ন তথ্য ও ঘটনাবলি স্মরণ করেন।