আগরতলার দুর্গন্ধযুক্ত পানিপ্রবাহ বন্ধের দাবি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরঘেঁষা সিঅ্যান্ডবি খাল ও জজি নদী দিয়ে আগরতলার কারখানার রাসায়নিক বর্জ্যমিশ্রিত দুর্গন্ধযুক্ত কালো পানিপ্রবাহ বন্ধের দাবিতে মানববন্ধন হয়েছে। আখাউড়া স্থলবন্দর এলাকায় গতকাল সোমবার ক্ষতিগ্রস্ত গ্রামগুলোর শতাধিক লোক এ মানববন্ধন করেন।
এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, বিষাক্ত কালো পানির কারণে উপজেলার সীমান্তবর্তী ১৫টি গ্রামের মানুষের স্বাস্থ্যঝুঁকিসহ এলাকায় পরিবেশ বিপর্যয় দেখা দিয়েছে। এ কারণে তাঁরা গতকাল বিকেলে ওই মানববন্ধন করেন।
মানববন্ধনে অংশ নেওয়া গ্রামবাসীর হাতে পরিবেশ বাঁচান, আমাদের বাঁচতে দিন, সত্যিকারের বন্ধু হলে বিষাক্ত পানি বন্ধ করুন, পানি শোধনাগার চালু করুন, কালো দূষিত পানি বন্ধ করুন, পরিবেশ রক্ষা করুন, জীববৈচিত্র্যকে বাঁচান, খাদ্য উৎপাদন করতে দিন ইত্যাদি লেখা-সংবলিত প্ল্যাকার্ড ছিল।
বিষাক্ত পানি বন্ধের জোর দাবি জানিয়ে আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহ নোয়াজ খান বলেন, ‘১৯৭২ সাল থেকে আগরতলার কারখানা ও আবাসিক এলাকার সব বর্জ্য ওই খাল দিয়ে এ দেশে ঢুকছে। ফলে দুর্গন্ধযুক্ত পানি আমাদের স্বাস্থ্য ও পরিবেশের ক্ষতি করছে। জমির উর্বরতা শক্তি নষ্ট করছে।’