আগরতলায় খোঁজ মেলেনি নিখোঁজ বাংলাদেশির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজ হওয়ার পর এক সপ্তাহ পেরিয়ে গেলেও গতকাল মঙ্গলবার পর্যন্ত সন্ধান মেলেনি বাংলাদেশি কার্গো ভ্যানের সহকারী চালক সোহেল মিয়ার। ভারতের অন্ধ্র প্রদেশ থেকে আনা চাল ত্রিপুরা রাজ্যের আগরতলায় নিয়ে যাওয়ার জন্য ব্যবহৃত কার্গো ভ্যানের এই চালককে খুঁজে না পাওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারতীয় কর্তৃপক্ষ। খবর দ্য হিন্দুর। 

গত ১৮ আগস্ট বাংলাদেশের একটি কাভার্ড ভ্যান চাল নিয়ে ত্রিপুরার আগরতলার নন্দননগরে ফুড করপোরেশন অব ইন্ডিয়ার (এফসিআই) গুদামে পৌঁছে। চাল নামানো শেষে ভ্যানচালক দেখতে পান তাঁর সহকারী সোহেল মিয়া সেখানে নেই। সহকারী চালক হিসেবে সোহেল সেদিন চতুর্থবার আগরতলায় যান। এ ঘটনায় আগরতলার নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানায় মামলা করেন আগরতলার সার ফ্রেইড করপোরেশনের কর্মকর্তা হাওয়া সিং।

পুলিশের সূত্র বলছে, সোহেল ত্রিপুরার বাইরে কোথাও যেতে পারে। ট্রেন বা বাসে চড়ে সে ভারতে তাঁর কাঙ্ক্ষিত শহরে চলে যেতে পারে।

স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত চক্রবর্তী বলেন, ‘বাংলাদেশি ওই যুবককে খুঁজে বের করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। সম্ভাব্য সব স্থানে খোঁজা হচ্ছে। রাজ্যজুড়ে নিরাপত্তা বাহিনীকে সতর্কাবস্থায় রাখা হয়েছে।’