আগস্ট এলেই বিশৃঙ্খলা, এবারও হতে পারে : হাছান মাহমুদ

আগস্ট মাস এলেই দেশে বিশৃঙ্খলা করার চেষ্টা করা হয় বলে দাবি করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ। তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা, ২০০৪ সালের ২১ আগস্টে শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলা ও ২০০৫ সালে সারা দেশে একযোগে বোমা হামলাকারী ও মূল হোতারা একই চেতনায় বিশ্বাসী। এবারও তারা বিশৃঙ্খলা করার চেষ্টা করতে পারে। তাই দেশবাসীকে সতর্ক থাকতে হবে।
আজ সোমবার সকালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় হাছান মাহমুদ এসব কথা বলেন।
আওয়ামী লীগের এই নেতা বলেন, গত অর্থবছরে জাতীয় প্রবৃদ্ধি ৭ শতাংশ ছাড়িয়েছে। এর আগে কেবল একবারই বঙ্গবন্ধুর শাসনামলেই ১৯৭৪-৭৫ অর্থবছরে প্রবৃদ্ধি ৭ ছাড়িয়েছিল। অগ্রযাত্রা রুখতেই তখনই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল।
জঙ্গি ও সন্ত্রাসবিরোধী অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সাফল্যের প্রশংসা করে হাছান মাহমুদ বলেন, অনেক জঙ্গি ইতিমধ্যে ধরা পড়েছে, অনেকেই নির্মূল হয়েছে। ইতিমধ্যে জঙ্গি কর্মকাণ্ডের মদদদাতাদেরও গোয়েন্দা বাহিনী চিহ্নিত করেছে। জঙ্গি সমস্যাকে সমূলে উৎপাটন করতে হলে যারা জঙ্গিবাদে বিশ্বাসী, যারা অর্থায়ন করছে, যারা দেশের নানা জায়গায় বক্তব্যের মাধ্যমে জঙ্গিবাদকে উসকে দিচ্ছে, যারা জঙ্গিবাদকে রাজনৈতিক আশ্রয় দিচ্ছে, রাজনৈতিক উদ্দেশ্যে জঙ্গিবাদকে ব্যবহার করছে তাদেরও বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।