নতুন নামে বৈধ হচ্ছে ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) ব্যবসা। ভয়েস সার্ভিস প্রোভাইডার (ভিএসপি) নামে এ ব্যবসার লাইসেন্স দ্রুত দেওয়ার প্রক্রিয়া শুরু করবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।ভিএসপি নীতিমালাসহ যাবতীয় কার্যক্রম এরই মধ্যে সম্পন্ন করা হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সূত্র জানায়, আগস্টের শুরুতেই লাইসেন্স প্রদানের প্রক্রিয়া শুরু হবে।টেলিযোগাযোগ-সচিব সুনীল কান্তি বোস প্রথম আলোকে বলেন, লাইসেন্স পেয়ে মাত্র পাঁচ-সাত লাখ টাকা বিনিয়োগ করেই একজন ভিএসপি অপারেটর দেশে-বিদেশে কল আদান-প্রদানের কাজ করতে পারবে। বিটিআরসি এ জন্য নতুন একটি গাইডলাইন তৈরি করেছে। এই উদ্যোগের মাধ্যমে বৈদেশিক কল আদান-প্রদানে অবৈধ ব্যবসা বন্ধ করা সম্ভব হবে বলে তিনি মনে করেন।নীতিমালা অনুযায়ী, ভিএসপি লাইসেন্সের জন্য আবেদনপত্র ফি (অফেরতযোগ্য) ধরা হয়েছে পাঁচ হাজার টাকা, লাইসেন্স ফি পাঁচ লাখ টাকা ও বার্ষিক ফি এক লাখ টাকা। নতুন প্রক্রিয়ায় আন্তর্জাতিক ইনকামিং কল থেকে ভিএসপি ব্যবসায়ীরা পাবেন মোট টাকার পাঁচ শতাংশ, আইজিডব্লিউ (ইন্টারন্যাশনাল গেটওয়ে) ব্যবসায়ীরা পাবেন ১৫ শতাংশ, আইসিএক্স (ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার) ব্যবসায়ীরা পাবেন ১৫ শতাংশ ও ন্যাশনাল ইন্টারনেট এক্সচেঞ্জ (নিক্স) ব্যবসায়ীরা পাবেন ২০ শতাংশ টাকা। বাকি ৪৫ শতাংশ পাবে বিটিআরসি।টেলিযোগাযোগ-সচিব এ বিষয়ে জানান, বিটিআরসি মূলত এই লাইসেন্স দেবে। তবে মোট কতজনকে লাইসেন্স দেওয়া হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। চূড়ান্ত অনুমোদন দেবে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়।নাম প্রকাশে অনিচ্ছুক বিটিআরসির ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, ভিএসপি অপারেটরদের ‘নন-ফ্যাসিলিটি বেইজড’ অপারেটর হিসেবে লাইসেন্স দেওয়া হবে। তাদের নিজস্ব কোনো যন্ত্রপাতি স্থাপন করতে হবে না। আন্তর্জাতিক ক্যারিয়ারের সঙ্গে সংযোগের জন্য নির্দিষ্ট আইজিডব্লিউর কাছ থেকে নির্ধারিত পরিমাণ ব্যান্ডউইডথ/ক্যাপাসিটি নিয়ে ব্যবসা শুরু করতে পারবে। আইজিডব্লিউ ওই সংযোগের মাধ্যমে আসা আন্তর্জাতিক কলগুলো আইসিএক্সের মাধ্যমে ‘এএনএস’-এ টার্মিনেট বা পরিবর্তন করবে। ভিএসপির সংযোগের মাধ্যমে আসা কলের সিডিআর (কল ডিটেইলস রেকর্ডস) আইজিডব্লিউর কাছে সংরক্ষিত থাকবে। পরে ওই সিডিআরের ভিত্তিতে আইজিডব্লিউর মাধ্যমে টার্মিনেশন চার্জ বা পরিবর্তন ফি ভিএসপি ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সবার মধ্যে বিতরণ করা হবে।বিটিআরসির ওই কর্মকর্তা আরও জানান, একজন ভিএসপি অপারেটর শুধু একটি নির্ধারিত আইজিডব্লিউর দেওয়া নির্দিষ্ট ক্যাপাসিটি ব্যবহার করে আন্তর্জাতিক কল টার্মিনেট করতে পারবে। আর আইজিডব্লিউ ব্যবসায়ীরা তাদের ফ্যাসিলিটি ব্যবহার করে কোনো কোনো ভিএসপি অপারেটর কল টার্মিনেট করে সে ‘কলসংক্রান্ত প্রতিবেদন’ বিটিআরসিতে পাঠাতে হবে নিয়মিত। এতে করে অবৈধ পথে কোনো আন্তর্জাতিক কল টার্মিনেট করা হচ্ছে কি না, তা সহজে শনাক্ত করা সম্ভব।বিটিআরসির প্রাথমিক হিসাব অনুযায়ী, একটি ভিএসপি অপারেটর প্রতিদিন গড়ে ৯০ হাজার থেকে এক লাখ পেইড মিনিট কল টার্মিনেট করতে পারবে। সে ক্ষেত্রে বর্তমান কলরেট সাড়ে তিন সেন্ট হিসাবে একটি ভিএসপি অপারেটরের বার্ষিক আয় হবে গড়ে ৫০ থেকে ৬০ লাখ টাকা। তবে এই আয়ের জন্য ভিএসপি অপারেটরদের আন্তর্জাতিক পর্যায়ে বিপণন কার্যক্রম গ্রহণ করতে হবে। একই সঙ্গে আইজিডব্লিউ অপারেটরদের সঙ্গে প্রতিযোগিতার ভিত্তিতে কল সংগ্রহ করতে হবে।মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ভিএসপি লাইসেন্স ফি-সংক্রান্ত ফাইলটি অনুমোদনের জন্য বর্তমানে অর্থ মন্ত্রণালয়ে রয়েছে। আগামী সপ্তাহে এটি অনুমোদন হওয়ার সম্ভাবনা আছে। এর পরই ভিওআইপি লাইসেন্স নিতে আগ্রহীদের জন্য বিজ্ঞাপন প্রকাশ করা হবে।বিটিআরসির হিসাব অনুযায়ী, বর্তমানে বৈধ ও অবৈধ মিলে দেশে চার হাজার কোটি টাকার কল টার্মিনেশন ব্যবসা হয়ে থাকে। তবে টেলিকমিউনিকেশন ইনফ্রাস্ট্রাকচার অপারেটর অব বাংলাদেশের (টিআইওবি) তথ্যমতে, আন্তর্জাতিক কল আদান-প্রদানের ব্যবসায় সাড়ে তিন হাজার কোটি টাকার বাজার রয়েছে। তাঁরা বলছেন, এর ৪০ থেকে ৫০ শতাংশ এখনো অবৈধ ব্যবসায়ীদের দখলে রয়েছে।