ঢাকা ওয়াসার পানির দাম ৫ শতাংশ বাড়ছে। আগামী ১ আগস্ট থেকে রাজধানী ঢাকা ও নারায়ণগঞ্জে ওয়াসার গ্রাহকদের নতুন দামে পানির বিল পরিশোধ করতে হবে। এদিকে রাজধানীর অনেক এলাকায় ওয়াসার পানিতে এখনো ময়লা ও দুর্গন্ধ থাকার অভিযোগ পাওয়া গেছে।ঢাকা ওয়াসা জানায়, গত ২২ মে ওয়াসার বোর্ড সভায় দাম বাড়ানোর এ সিদ্ধান্ত হয়। তবে গত জানুয়ারিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো ওয়াসার সুপারিশ অনুমোদিত হলে দাম বাড়বে ১০ শতাংশ।ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান গতকাল মঙ্গলবার বলেন, ওয়াসা আইন ১৯৯৬-এর ২২ ধারা অনুযায়ী ওয়াসা বোর্ড প্রতি বছর পাঁচ শতাংশ হারে পানির দাম বাড়াতে পারে। সে মোতাবেক পাঁচ শতাংশ হারে দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। ১ জুলাই থেকে নতুন দাম কার্যকরের কথা থাকলেও গ্রাহকদের পর্যাপ্ত সময় দেওয়ার জন্য ১ আগস্ট থেকে তা কার্যকর হচ্ছে। তবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ওয়াসা ১০ শতাংশ হারে পানির দাম বাড়ানোর আবেদন করেছিল। এর মধ্যে মন্ত্রণালয় তাতে সম্মতি দিলে আগস্ট মাস থেকে ১০ শতাংশ হারে পানির দাম বাড়ানো হবে। নতুবা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী পাঁচ শতাংশ দাম বাড়বে।ওয়াসা জানায়, বর্তমানে প্রতি ইউনিট (প্রায় এক হাজার লিটার) পানির দাম ৬ টাকা ৩৪ পয়সা। পাঁচ শতাংশ বাড়লে ৩২ পয়সা বেড়ে প্রতি ইউনিট পানির দাম হবে ৬ টাকা ৬৬ পয়সা। দাম ১০ শতাংশ বাড়লে ৬ টাকা ৯৮ পয়সা হতে পারে। মুদ্রাস্ফীতি ও বিদ্যুতের দাম বৃদ্ধি এবং ভবিষ্যতে ভূ-উপরিস্থ পানির ওপর নির্ভরশীলতা বাড়াতে অর্থ সংগ্রহের জন্য পানির দাম বাড়ানো হচ্ছে।এ নিয়ে বর্তমান সরকারের আমলে চতুর্থবার পানির দাম বাড়ছে। এর আগে ২০০৯ সালে একবার এবং গত বছর দুই দফা দাম বেড়েছে। ২০০৯ সালে প্রতি ইউনিট পানির দাম ছিল ৫ টাকা ৭৫ পয়সা। গত বছর প্রথম দফায় এক ইউনিট পানির দাম ৬ টাকা ৪ পয়সা ও পরে তা ৬ টাকা ৩৪ পয়সা করা হয়।এখনো ময়লা-দুর্গন্ধ: এদিকে রাজধানীর বাসাবো, কদমতলা, আহম্মদবাগ, মাদারটেক, গোপীবাগ, অভয়দাস লেন, কে এম দাস লেন, নারিন্দা, তাঁতীবাজার ও আশপাশের এলাকা, বৃহত্তর মিরপুর, মোহাম্মদপুরের বিভিন্ন স্থানে এখনো পানিতে ময়লা ও দুর্গন্ধ রয়েছে বলে এলাকাবাসী অভিযোগ করেন। কে এম দাস লেনের বাসিন্দা আবদুস সাত্তার বলেন, শুষ্ক মৌসুমে নদীর পানি দূষিত হওয়ায় পানিতে ময়লা-দুর্গন্ধ বাড়ে বলে ওয়াসা প্রতিবছরই যুক্তি দেখায়। কিন্তু এখন তো বর্ষা মৌসুম, এখন কেন পানিতে দুর্গন্ধ?পার্শ্ববর্তী টিকাটুলীর কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, তাঁদের এলাকায় ওয়াসার পানিতে পয়োবর্জ্যের গন্ধ আসছে। বাধ্য হয়ে তাঁরা জারের ‘সুপেয় পানি’ কিনে প্রতিদিনের চাহিদা মেটাচ্ছেন। দুর্গন্ধের কারণে পানি কেনার কথা জানালেন নারিন্দার কয়েকজন বাসিন্দাও। তাঁরা জানান, ওয়াসাকে বিল দিচ্ছেন, কিন্তু দুর্গন্ধের কারণে ভালো পানি কিনতে বাড়তি টাকা খরচ করছেন।এ বিষয়ে ওয়াসার এমডি বলেন, অনেকে অবৈধ সংযোগ নিতে গিয়ে পাইপলাইন ফুটো করে ফেলে, সে পথে ময়লা পানি ঢুকে যায়। অবৈধ সংযোগকারীদের এমনকি ওয়াসার লোকজন জড়িত থাকলে তাদেরও শাস্তি দেওয়া হয়। তিনি বলেন, শীতলক্ষ্যার পানি প্রাক-শোধনের ব্যবস্থা করা হচ্ছে এবং সায়েদাবাদ শোধনাগারের দ্বিতীয় পর্যায়ের কাজের সঙ্গে পাইপ আন্তসংযোগ লাইন বিচ্ছিন্ন করা হবে। এ ছাড়া বিভিন্ন স্থানে নতুন পাইপ বসানোর জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান এনসিসির সঙ্গে ওয়াসার চুক্তি হয়েছে। প্রথম পর্যায়ের কাজে ৬০ কোটি টাকা খরচ হবে।