আগস্ট মাসে অপতৎপরতা রোধে ব্যবস্থা নেওয়া হয়েছে: র‌্যাব ডিজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
র‌্যাবের মহাপরিচালক (ডিজি) আবদুল্লাহ আল–মামুন
সংগৃহীত

শোকের মাস আগস্টে এর আগে জঙ্গিরা অনেক অঘটন ঘটিয়েছে জানিয়ে র‌্যাবের মহাপরিচালক (ডিজি) আবদুল্লাহ আল–মামুন বলেছেন, ‘অপতৎপরতা রোধে সব গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মিলে সুষ্ঠু সমন্বয়ের মাধ্যমে একসঙ্গে কাজ করছে। এখন পর্যন্ত নেতিবাচক কোনো তথ্য আমাদের কাছে নেই। তারপরও আত্মতুষ্টিতে ভুগছি না। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি যেকোনো অপতৎপরতা রোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী উপলক্ষে শুক্রবার দুপুরে রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টরের রানাভোলায় জামিয়া ইসলামিয়া এতিমখানা ও মাদ্রাসায় দুস্থ ও এতিম শিশুদের মধ্যে খাবার বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে র‌্যাবের ডিজি এসব কথা বলেন। তিনি বলেন, ‘আগস্ট মাসের সব ইভেন্ট যাতে নিরাপত্তার মধ্যে অনুষ্ঠিত হয়, সেই লক্ষে আমরা সবাই মিলে কাজ করি। র‌্যাবের গোয়েন্দা ইউনিটও তৎপর রয়েছে।’

র‌্যাবের ডিজি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধানমন্ডির ৩২ নম্বরের নিজ বাসায় ঘাতকের নির্মম বুলেটের আঘাতে সপরিবার শহীদ হন। স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী উপলক্ষে র‌্যাব সদর দপ্তরের পক্ষ থেকে পবিত্র কোরআন খতম, বিশেষ দোয়া ও মোনাজাত, এতিম শিশুদের মধ্যে খাবার বিতরণ, প্রামাণ্যচিত্র প্রদর্শনীসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।’

র‌্যাব জানায়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে উত্তরার জামিয়া ইসলামিয়া রানাভোলা এতিমখানা মাদ্রাসায় চার শতাধিক দুস্থ ও এতিমের মধ্যে উন্নতমানের খাবার বিতরণ করা হয়। এ ছাড়া সারা দেশে র‌্যাবের সব ব্যাটালিয়নের তত্ত্বাবধানে চার হাজারের অধিক অসহায়, দুস্থ, এতিম ও হতদরিদ্রের মধ্যে উন্নত মানের খাবার বিতরণ করা হয়। র‌্যাব সদর দপ্তর কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র কোরআন খতম সম্পন্ন করা হয়।