আগস্টে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ শুরু: ওবায়দুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওবায়দুল কাদের। ফাইল ছবি
ওবায়দুল কাদের। ফাইল ছবি

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ আগামী আগস্ট মাস থেকে শুরু হবে। সে লক্ষ্যে আগামী মাসের মধ্যে প্রকল্পের ভূমি হস্তান্তরের কাজ শুরু হবে। আজ সোমবার জাতীয় সংসদে স্বতন্ত্র সাংসদ তাহজীব আলম সিদ্দিকীর এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতু বিভাগের মন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেছেন।
মন্ত্রী আরও বলেন, প্রকল্প এলাকা থেকে সেনাবাহিনীর সহযোগিতায় বিভিন্ন সেবা সংস্থার সংযোগ লাইন অপসারণ করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য উত্তরায় ৪০ একর জায়গায় মাটি ভরাট করা হয়েছে।
প্রশ্নোত্তরের আগে বেলা ১১টার দিকে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
ইসরাফিল আলমের প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, পুলিশ বিভাগের তথ্য অনুসারে ২০০০ সাল থেকে ২০১৫ সালের এপ্রিল পর্যন্ত ৫৫ হাজার ৩১৬টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ৪৫ হাজার ৪৯৫ জন নিহত এবং ৩৮ হাজার ৭৭০ জন আহত হয়েছেন।

জাতীয় পার্টির শওকত চৌধুরীর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ২০১৪-১৫ অর্থবছরে ১০৪ কোটি ১১ লাখ টাকা ব্যয়ে ১০৬টি সেতু নির্মাণ ও সংস্কার করা হয়েছে।

ওয়াসিকা আয়শা খানের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিআরটিসি’র মোট এক হাজার ৬৭০টি যানবাহন রয়েছে। এর মধ্যে এক হাজার ৫৩২টি বাস ও ১৩৮টি ট্রাক রয়েছে। বিআরটিসি’র জন্য ৩০০ দোতলা বাস ও ১০০টি আর্টিকুলেটেড এবং ৫০০টি সংগ্রহ প্রক্রিয়াধীন রয়েছে।

এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিআরটিসি’র ১৫৮টি যানবাহন যান্ত্রিক ত্রুটির কারণে অকেজো হয়ে আছে। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে ২০৫টি যানবাহন পোড়ানো ও ভাঙচুর করা হয়েছে।

শিরীন আখতারের প্রশ্নের জবাবে মহিলা বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ বলেন, ২০১৫-১৬ অর্থবছরে প্রস্তাবিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বাজেটের ৮২ দশমিক ১২ শতাংশ সরাসরি নারীদের উন্নয়নে ব্যয় করা হবে।

আ ফ ম বাহাউদ্দিন নাছিমের প্রশ্নের জবাবে রেলপথ মন্ত্রী মুজিবুল হক বলেন, রেলওয়ের জন্য ১১০টি মিটারগেজ ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভ সংগ্রহ করা হচ্ছে।