আগস্টে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ আগামী আগস্ট মাস থেকে শুরু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি জানান, এ লক্ষ্যে আগামী মাসের মধ্যে প্রকল্পের ভূমি হস্তান্তরের কাজ শুরু হবে।
জাতীয় সংসদে গতকাল সোমবার স্বতন্ত্র সাংসদ তাহজীব আলম সিদ্দিকীর এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এ তথ্য জানান। তিনি জানান, ইতিমধ্যে প্রকল্প এলাকা থেকে সেনাবাহিনীর সহযোগিতায় বিভিন্ন সেবা সংস্থার সংযোগ লাইন অপসারণ করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য উত্তরায় ৪০ একর জায়গায় মাটি ভরাট করা হয়েছে।
গতকাল বেলা ১১টার দিকে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরুর পর প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
ইসরাফিল আলমের প্রশ্নের জবাবে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, পুলিশ বিভাগের তথ্য অনুসারে ২০০০ সাল থেকে ২০১৫ সালের এপ্রিল পর্যন্ত ৫৫ হাজার ৩১৬টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ৪৫ হাজার ৪৯৫ জন নিহত এবং ৩৮ হাজার ৭৭০ জন আহত হয়েছেন।
জাতীয় পার্টির শওকত চৌধুরীর প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের জানান, ২০১৪-১৫ অর্থবছরে ১০৪ কোটি ১১ লাখ টাকা ব্যয়ে ১০৬টি সেতু নির্মাণ ও সংস্কার করা হয়েছে। ওয়াসিকা আয়শা খানের প্রশ্নের জবাবে তিনি জানান, বিআরটিসির মোট এক হাজার ৬৭০টি যানবাহন আছে। এর মধ্যে এক হাজার ৫৩২টি বাস ও ১৩৮টি ট্রাক রয়েছে। বিআরটিসির জন্য ৩০০টি দোতলা বাস, ১০০ আর্টিকুলেটেড বাস ও ৫০০টি বাস সংগ্রহের কাজ প্রক্রিয়াধীন।
এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে তিনি আরও জানান, বিআরটিসির ১৫৮টি যানবাহন যান্ত্রিক ত্রুটির কারণে অকেজো। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে ২০৫টি যানবাহন পোড়ানো ও ভাঙচুর করা হয়েছে।