আগস্টে বাংলাদেশে আসছে ‘সংস্কৃতি এক্সপ্রেস’
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মদিন ঘিরে গত পঁচিশে বৈশাখ কলকাতা থেকে ভারতজুড়ে যে সংস্কৃতি এক্সপ্রেস ট্রেনের যাত্রা শুরু হয়েছে, সেই এক্সপ্রেস এবার বাংলাদেশে যাচ্ছে। ৬ আগস্ট এই বিশেষ ট্রেন কলকাতা হয়ে বাংলাদেশে যাওয়ার কথা। সে দেশের বিভিন্ন রেলস্টেশনে এই ট্রেনের ভেতরে তৈরি করা ভ্রাম্যমাণ রবীন্দ্র জাদুঘরের প্রদর্শনী শেষে তা আবার ২৩ আগস্ট কলকাতায় ফিরে আসবে। তারপর এর যাত্রা আগামী পঁচিশে বৈশাখের আগ পর্যন্ত চলবে গোটা ভারতে। এই সময়ের মধ্যে ট্রেনটি ভারতের ৭০টি স্টেশনে থামবে।ভারতের রেল মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ-ভারত উভয় সরকারের সম্মতিতে এই বিশেষ ট্রেন বাংলাদেশে যাবে। তবে সে দেশের কোথায় কোথায় এই ট্রেন দাঁড়াবে, সেটি বাংলাদেশের কর্তৃপক্ষই ঠিক করবে।পঁচিশে বৈশাখ বিকেলে কলকাতায় যাত্রা শুরু হয় এই সংস্কৃতি এক্সপ্রেস ট্রেনের। কলকাতার হাওড়া স্টেশন থেকে এই চলন্ত জাদুঘর উদ্বোধন করেন রেলমন্ত্রী মমতা ব্যানার্জি।এটি কোনো যাত্রীবাহী ট্রেন নয়। চলন্ত একটি রবীন্দ্র জাদুঘর। পাঁচটি শীতাতপনিয়ন্ত্রিত কোচ নিয়ে তৈরি হয়েছে এই চলন্ত জাদুঘর।