আগস্টে বিভিন্ন প্রতিষ্ঠানকে দুই কোটি টাকা জরিমানা
বিদ্যুৎ চুরি, রাজস্ব ফাঁকি, সীমাতিরিক্ত লোড ব্যবহারসহ নানা অপরাধের কারণে গত আগস্ট মাসে ৬২টি অভিযান চালিয়ে দুই কোটি চার লাখ টাকা জরিমানা করেছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি)।
ডিপিডিসির স্পেশাল টাস্কফোর্সের প্রধান মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, আইনের অনুশাসন না থাকায় বিদ্যুৎ চুরি ও রাজস্ব ফাঁকির দুর্নীতি বটবৃক্ষের রূপ নিয়েছে। অব্যাহত অভিযানে এ বটবৃক্ষ নির্মূল করে সুশাসন প্রতিষ্ঠা করা হচ্ছে।
ডিপিডিসির অভিযানে সবচেয়ে বড় বিদ্যুৎ চুরি ধরা পড়ে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় বিসমিল্লাহ আইস অ্যান্ড কোল্ড স্টোরেজে। এখানে ৬ মাসে ১ লাখ ৩৬ হাজার ইউনিট বিদ্যুৎ চুরি ধরা পড়ে। এ ছাড়া পুরান ঢাকার বাংলাবাজারে অবস্থিত একজন অধ্যাপকের পরিচালনাধীন মৈত্রী প্রেস এবং পাবলিকেশন্সে ধরা পড়ে ৮৫ হাজার ইউনিট বিদ্যুৎ চুরির ঘটনা। নারায়ণগঞ্জ এলাকায় অটোবাইকের গ্যারেজ বসিয়ে গোপনে বিদ্যুৎ চুরির ঘটনা ধরা পড়ে ২০টি প্রতিষ্ঠানে। এসব প্রতিষ্ঠান প্রায় ৬২ হাজার ইউনিট বিদ্যুৎ গ্রাস করেছে। অন্যদিকে বংশালে মো. মহিউদ্দিন নামে পিডিবির সাবেক এক কর্মচারীর চারতলা বাসভবনে ধরা পড়ে ৮৪ হাজার ইউনিট বিদ্যুৎ চুরির ঘটনা।