আগস্টে শুরু হচ্ছে উড়ালসড়কের কাজ, দৈর্ঘ্য ৪০ কিলোমিটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে বহুল আলোচিত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের (ঢাকা উড়ালসড়ক) কাজ শুরু হচ্ছে। সরকারি-বেসরকারি অংশীদারত্বের ভিত্তিতে আগামী আগস্ট মাসে এই উড়ালসড়কের অবকাঠামোর নির্মাণকাজ শুরু হবে। সংশোধিত পথ অনুযায়ী এর দৈর্ঘ্য আগের চেয়ে দুই কিলোমিটার কমে ৪০ কিলোমিটার করা হয়েছে।

গতকাল মঙ্গলবার সচিবালয়ে আসন্ন ঈদে যানজট নিরসনে অনুষ্ঠিত সভা শেষে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের এ কথা বলেন। এর আগে সেতু ভবনে এ প্রকল্প নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়।

উড়ালসড়কের কাজটি তিন ধাপে হবে। এর মধ্যে প্রথম ধাপে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তেজগাঁও পর্যন্ত আট কিলোমিটার পথ; দ্বিতীয় ধাপে তেজগাঁও থেকে কমলাপুর পর্যন্ত আট কিলোমিটার ও তৃতীয় ধাপে কমলাপুর থেকে শনির আখড়ার কুতুবখালী পর্যন্ত সাত কিলোমিটার পথ নির্মাণ করা হবে। এ ছাড়া এই প্রকল্পে ৩৩টি র‌্যাম্প থাকবে, যার দৈর্ঘ্য হবে ১৭ কিলোমিটার।

যোগাযোগমন্ত্রী বলেন, আগে এই উড়ালসড়কের দৈর্ঘ্য ঠিক করা হয়েছিল ৪২ কিলোমিটার, কিন্তু বসতবাড়ি, মসজিদসহ বিভিন্ন স্থাপনা থাকার কারণে সংশোধিত পথ অনুযায়ী ৪০ কিলোমিটার দাঁড়িয়েছে। প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে আট হাজার ৭০৩ কোটি টাকা। সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে করা এই প্রকল্পে সরকারের ব্যয় হবে দুই হাজার ২৫৮ কোটি টাকা। ছয় কিস্তিতে এই টাকা পরিশোধ করা হবে। বাকি টাকা দেবে ইতালথাই নামে ব্যাংককভিত্তিক একটি কোম্পানি।

যোগাযোগমন্ত্রী বলেন, অনেকেই ভেবেছিলেন এই প্রকল্প ঝুলে গেছে। কিন্তু আগস্টেই কাজ শুরু হচ্ছে।

যানজট নিরসনে পদক্ষেপ: মন্ত্রণালয়ে অনুষ্ঠিত গতকালের সভায় আসন্ন রমজান ও ঈদের সময় যানজট নিরসনে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ফিটনেসবিহীন গাড়িগুলোর ফিটনেসের ব্যবস্থা করা। এ লক্ষ্যে আগামী এক সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে একটি সভা করা হবে। ইতিমধ্যে ঢাকার পুলিশকে ফিটনেসবিহীন গাড়ির তালিকা দেওয়া হয়েছে। এ বিষয়ে একটি কঠিন সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান মন্ত্রী।

মন্ত্রী বলেন, উদ্বেগ ও আতঙ্কজনক দৃশ্যপট হলো ফিটনেসবিহীন গাড়ি। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) হিসাব অনুযায়ী ঢাকায় এক লাখ ১৪ হাজার ফিটনেসবিহীন গাড়ি রয়েছে।

মন্ত্রী বলেন, নিবন্ধনহীন মোটরসাইকেলের বিষয়েও ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য পরবর্তী এক মাস জরিপ চালানো হবে। এ সময় মোটরসাইকেলের নিবন্ধন কার্যক্রম বন্ধ থাকবে। মন্ত্রী বলেন, ‘বর্তমানে ঢাকায় নিবন্ধন করা গাড়ি আছে দুই লাখ ৭৭ হাজার। তবে আমার মনে হয়, এই সংখ্যা দ্বিগুণ বা তিন গুণ হবে।’

যানজট ও মানুষের দুর্ভোগের কথা স্বীকার করে মন্ত্রী অবৈধ স্থাপনা সরানোসহ বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়ার কথা জানান। জুন মাসেই বিআরটিসির আরও গাড়ি আসবে। ট্যাক্সি ক্যাব নামানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এ জন্য বিজ্ঞাপন দেওয়ার পর আটটি কোম্পানি অংশ নেয়। এগুলো এখন পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।