আগস্টে স্বাভাবিক বৃষ্টি ও নিম্নচাপের পূর্বাভাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাভাবিক বৃষ্টিপাত ও একটি বা দুটি মৌসুমি নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা নিয়ে শুরু হয়েছে আগস্ট মাস। দেশের আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাস দেওয়ার জন্য গঠিত আবহাওয়া অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটি এ কথা বলেছে।

বাংলা দিনপঞ্জির হিসাবে আগস্ট মানে শ্রাবণ-ভাদ্র। বাংলাদেশে এমনিতেও এটি ভরা বর্ষাকাল। তাই স্বাভাবিক বৃষ্টিপাতই প্রত্যাশিত। তবে গত সপ্তাহের টানা তিন-চার দিনের বৃষ্টির পর সিলেট বিভাগের দু-এক জায়গা ছাড়া গতকাল মঙ্গলবার পর্যন্ত দেশের কোথাও উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়নি। দুজন আবহাওয়াবিদ বলেছেন, আজকালের মধ্যেই বৃষ্টির নতুন ‘স্পেল’ আসার সম্ভাবনা রয়েছে।

ঢাকায়ও গতকাল বিকেলের এক পশলা ছাড়া গত এক সপ্তাহে বৃষ্টি প্রায় নেই-ই। বৃষ্টিপাতের ধরনে (প্যাটার্ন) এমন পরিবর্তন গত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে। যখন বৃষ্টি শুরু হয়, তখন একটানা হতে থাকে। তারপর আবার কয়েক দিন যায় বৃষ্টিহীন। বাংলার বর্ষা ঋতুতে শ্রাবণের চিরায়ত বৈশিষ্ট্য এটি নয়।

ক্ষণজন্মা নারী খনার বচনে শ্রাবণের বৃষ্টিপাত চিত্রায়িত হয়েছে ‘ধারা শ্রাবণ’ হিসেবে। অর্থাৎ শ্রাবণে বৃষ্টির ধারা বন্ধ হয় না, পড়তেই থাকে। তবে তা মুষলধারে নয়। শ্রাবণে দেশের কোনো কোনো এলাকায় খরা পরিস্থিতিও দেখা গেছে, যাতে আমন চাষাবাদে কৃষক সমস্যায় পড়েছেন। এমনকি সেচও দিতে হয়েছে।

আবহাওয়া অফিসের পূর্বাভাসে গত জুন ও জুলাই মাসেও স্বাভাবিক বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছিল। সে অনুযায়ী জুনে স্বাভাবিক বৃষ্টিপাতই (৩ দশমিক ৭ শতাংশ বেশি) হয়েছে। তবে জুলাই মাসে বৃষ্টি হয়েছে স্বাভাবিকের চেয়ে বেশি। কাজেই আবহাওয়া অফিসের আগস্টের পূর্বাভাস কতটা ঠিক হয় তা দেখতে হবে। তবে আমন চাষের জন্য এই সময় স্বাভাবিক বৃষ্টিপাত হওয়া খুব প্রয়োজন।

আবহাওয়া অধিদপ্তর জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসের আবহাওয়ার যে পূর্বাভাস দিয়েছে, তাতে এই মাসে স্বাভাবিক বৃষ্টি ও মৌসুমি নিম্নচাপের সম্ভাবনার কথা বলা হয়েছে। পূর্বাভাস অনুযায়ী এ মাসে ঢাকা বিভাগে ২৭৫ থেকে ৩৪০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একজন কর্তব্যরত আবহাওয়াবিদ বলেছেন, যদি সারা মাস ধরে এই বৃষ্টি হয়, তাহলে সবচেয়ে ভালো হয়। আর যদি কয়েক দিনের মধ্যে এর বেশির ভাগ বৃষ্টি হয়, তাহলে জলাবদ্ধতা সৃষ্টির আশঙ্কা প্রবল।

আগস্টে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা চট্টগ্রাম বিভাগে, ৫০০ থেকে ৬১৫ মিলিমিটার। এরপরই সিলেট বিভাগ, ৪১০ থেকে ৫০০ মিলিমিটার। একটানা বেশি বৃষ্টিপাত হলে এই দুই বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা থাকবে।

আগস্টে অন্যান্য বিভাগের মধ্যে ময়মনসিংহে ২৮৬ থেকে ৩৫০ মিলিমিটার, রাজশাহীতে ২৪৫ থেকে ৩০০, রংপুরে ৩৩৫ থেকে ৪১০, খুলনায় ২৭০ থেকে ৩৩০ এবং বরিশাল বিভাগে ৩৯০ থেকে ৪৭৫ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

মৌসুমি নিম্নচাপ সৃষ্টি হলে বৃষ্টিপাতের পরিমাণ ও ধরনে অনেক পরিবর্তন হতে পারে।