আগস্টে ২৮তম ফোবানা বাংলাদেশ সম্মেলন
নতুন প্রজন্ম মূল স্রোতের যা কিছু ভালো তার নির্যাসটুক নেবে, পাশাপাশি নিজেদের ভালোটুকুও দেবে। তাঁরাই প্রবাসে বাংলাদেশের শিল্প, সংস্কৃতি, কৃষ্টি-সভ্যতা ও ঐতিহ্য তুলে ধরবে। এই প্রতিপাদ্য সামনে রেখে আগামী আগস্টে নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৮তম ফোবানা বাংলাদেশ সম্মেলন ২০১৪।
গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আয়োজকেরা। আগামী ২৯ আগস্ট থেকে ৩১ আগস্ট নিউইয়র্কের হোটেল ম্যারিয়টে এবারের সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের মূল স্লোগান হচ্ছে, ‘উত্তর আমেরিকা আলোকিত হোক, আলোকিত হোক নতুন প্রজন্ম’। অনুষ্ঠানে আয়োজকেরা জানান, সম্মেলনে বিভিন্ন বিষয়ে সেমিনার, শিল্পকলার বিভিন্ন বিষয়ে পুরস্কার প্রদান ছাড়াও বিভিন্ন ঘরানার শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়ে, গার্মেন্টসহ অন্যান্য শিল্প খাতে বিনোয়োগের মাধ্যমে দেশের উন্নয়নে ভূমিকা রাখছেন। তাঁরা বলেন, প্রবাসীদের শুধু ভিআইপি, সিআইপি সম্মাননা প্রদান নয়, তাঁদের অবদান ও কৃতিত্বের যথাযথ স্বীকৃতি দিতে হবে।
তাঁরা ঢাকা-নিউইয়র্ক রুটে বন্ধ হয়ে যাওয়া ফ্লাইট পুনরায় চালু করার দাবি জানান। এ ছাড়া প্রবাসীদের ভোটার হওয়ার সুযোগদানের পাশাপাশি সংসদে তাঁদের জন্য কোটা চালু করার দাবি জানান।
সংবাদ সম্মেলনে মূল বক্তব্য দেন ফোবানা বাংলাদেশ সম্মেলন নিউইয়র্ক-২০১৪-এর সভাপতি আতিকুর আর কে ইউসুফজাই। আরও বক্তব্য দেন প্রবাসী আওলাদ হোসেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম এ আওয়াল চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য জসিম উদ্দিন আহমেদ ও এবারের সম্মেলনের আহ্বায়ক হাসান উজ্জামান হাসান প্রমুখ।