আগস্টে ৪ দিনেই হাজারের বেশি ডেঙ্গু রোগী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি

আগস্ট মাসের প্রথম চার দিনেই এক হাজারের বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু ও উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ২৩৭ জন। তাদের মধ্যে ঢাকার হাসপাতালগুলোয় ২২১ জন ও ঢাকার বাইরে ১৬ জন ভর্তি হয়েছে।

আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টার তথ্যের ভিত্তিতে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের পাঠানো তথ্য অনুযায়ী, চলতি মাসের প্রথম ৪ দিনে ভর্তি রোগীর সংখ্যা ১ হাজার ২৫। গত জুলাই মাসে রোগীর সংখ্যা ছিল ২ হাজার ২৮৬।

গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে (ঢাকা শহর বাদে) ৫ জন, চট্টগ্রামে ৭, খুলনায় ১, রাজশাহীতে ১ ও বরিশালে ২ জন ডেঙ্গু ও উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। এ ছাড়া এ সময়ে রাজধানীতে সবচেয়ে বেশি রোগী ভর্তি এসএসএমসি ও মিটফোর্ড হাসপাতালে, ৪২ জন। এ হাসপাতালে এখন পর্যন্ত ৪৪২ জন চিকিৎসা নিয়েছে। বর্তমানে ভর্তি আছে ১৬৮ রোগী।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি আছে মোট ১ হাজার ৫৮ জন। তাদের মধ্যে ঢাকার ৪১টি সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি আছে ১ হাজার ৪ জন এবং অন্যান্য বিভাগীয় হাসপাতালে ৫৪ জন।

চলতি বছরের জানুয়ারি থেকে আজ ৪ আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ভর্তি হয়েছে ৩ হাজার ৬৮৩ জন। এ সময়ে চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে ২ হাজার ৬১৭ ডেঙ্গু রোগী।

স্বাস্থ্য অধিদপ্তর আরও বলেছে, সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে আটটি মৃত্যুর তথ্য পাঠানো হয়েছে। তবে আইইডিসিআর এখনো কোনো মৃত্যুর পর্যালোচনা সমাপ্ত করেনি এবং কোনো মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেনি।