আগস্টের ঘটনার পুনরাবৃত্তি রোধে দোষীদের চিহ্নিত করা জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রদের ওপর ২০০৭ সালের ২০ থেকে ২৩ আগস্ট পর্যন্ত যে সেনা নির্যাতন চলে, সেটি ছিল ন্যক্কারজনক। শিক্ষাপ্রতিষ্ঠানে এমন ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে সুষ্ঠু তদন্ত ও দায়ীদের চিহ্নিত করা প্রয়োজন। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত ‘ঢাকা বিশ্ববিদ্যালয় কালো দিবস’ উপলক্ষে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। সেনা-সমর্থিত বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের এই দিনে সেনা-পুলিশের হাতে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারী নিপীড়নের ঘটনার স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবছর এ দিবসটিকে ‘কালো দিবস’ হিসেবে পালন করে আসছে। উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে কালো দিবসের আলোচনা সভায় শিক্ষক-শিক্ষার্থীরা সেদিনের নির্যাতনের কথা উচ্চারণ করেন। তাঁরা দোষীদের চিহ্নিত করে শাস্তি দাবি করেন। সভায় শিক্ষাবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য রাশেদ খান মেনন বলেন, শাস্তি দেওয়ার লক্ষ্যে নয়, ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়, সে জন্যই দায়ীদের চিহ্নিত করতে হবে। ঘটনা তদন্তে গঠিত সংসদীয় উপ-কমিটি এ কাজটি করবে বলেও জানান তিনি। উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ওই ঘটনার পেছনে কারা জড়িত ছিলেন তা জাতিকে জানাতে হবে এবং দোষীদের শাস্তি দিতে হবে। তিনি বলেন, অপরাধীদের বিচার হলে পরবর্তীকালে কেউ আর অপরাধ করার সাহস পাবে না। কারা-নির্যাতিত শিক্ষক এবং উপ-উপাচার্য হারুন-অর-রশিদ বলেন, আগস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে না তুললে বাংলাদেশের গণতন্ত্রে প্রত্যাবর্তন অনেক দীর্ঘায়িত হতো।আন্দোলনে গ্রেপ্তার হওয়া ছাত্র চঞ্চল কর্মকার ছাত্র বিক্ষোভের স্মরণে ক্যাম্পাসে একটি ‘কালো স্তম্ভ’ নির্মাণের দাবি জানান। তিনি বলেন, প্রতিবারই এ দিনের আগে আগে সুষ্ঠু তদন্ত ও দায়ীদের চিহ্নিত করার আশ্বাস দেওয়া হয়। কিন্তু আশ্বাস বরাবর আশ্বাসই থেকে যায়। সভায় আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি খন্দকার বজলুল হক, আওয়ামী পন্থী শিক্ষক সংগঠন নীল দলের আহ্বায়ক আনোয়ার হোসেন, সহসভাপতি আখতারুজ্জামান, কারা-নির্যাতিত ছাত্র জাহেদুল ইসলাম, শেখ হাফিজুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ আলী আকবর, তৃতীয় শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি আমিরুল ইসলাম, কারিগরি কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি বুলু মিয়া প্রমুখ।দিবসটি পালন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গতকাল বিভিন্ন কর্মসূচি নেয়। বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস হয়নি। শিক্ষক, শিক্ষার্থীসহ সবাই গতকাল কালো ব্যাজ ধারণ করেন। এর আগে সকাল ১০টায় অপরাজেয় বাংলার পাদদেশে নির্যাতনবিরোধী শিক্ষক সমাজের ব্যানারে একটি সভা শুরু হয়। সমাজকল্যাণ ইনস্টিটিউটের পরিচালক মুহাম্মদ সামাদের সভাপতিত্বে এবং সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক জিনাত হুদা অহিদের পরিচালনায় অনুষ্ঠানে আগস্টের আন্দোলনে সক্রিয় এবং বিভিন্নভাবে নির্যাতিত শিক্ষক-শিক্ষার্থীরা বক্তব্য দেন।