আগস্টের মধ্যে সব দপ্তর পার্বত্য জেলা পরিষদে হস্তান্তরের তাগিদ
আগামী আগস্ট মাসের মধ্যে তিন পার্বত্য জেলার সব কটি সরকারি দপ্তর ও বিভাগ সংশ্লিষ্ট জেলা পরিষদের কাছে হস্তান্তরের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী।পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে গতকাল সোমবার বিকেলে অনুষ্ঠিত এ-সংক্রান্ত এক সভায় গওহর রিজভী বলেন, আগস্ট মাসের মধ্যে অহস্তান্তরিত সব কটি বিষয় জেলা পরিষদের কাছে হস্তান্তর করতে হবে। যেসব মন্ত্রণালয় তা পারবে না, তারা কেন পারল না এবং কত দিনে পারবে, তা লিখিতভাবে প্রধানমন্ত্রীর কার্যালয়কে জানাবে।প্রসঙ্গত, পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদ আইন, ১৯৮৯-এর ২২ ও ২৩ এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তির ‘খ’ খণ্ডের ৩৪ ধারা অনুযায়ী পুলিশ, স্থানীয় সরকার, পরিবেশ ও বন, কৃষি, শিক্ষা, সমাজকল্যাণ, যোগাযোগসহ স্থানীয় পর্যায়ের ৩৩টি সরকারি দপ্তর ও বিভাগের অর্ধশতাধিক বিষয় তিন পার্বত্য জেলা পরিষদের কাছে হস্তান্তর করার কথা।১৯৯৭ সালে সরকার ও জনসংহতি সমিতির মধ্যে চুক্তি স্বাক্ষরের পর এ পর্যন্ত ১৭টি দপ্তর ও বিভাগের কিছু কিছু বিষয় জেলা পরিষদগুলোর কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমান সরকারের সাড়ে তিন বছরে দুটি জেলা পরিষদের কাছে মাত্র দুটি বিষয় হস্তান্তর করা হয়। এগুলো হচ্ছে রাঙামাটি জেলার নার্সিং প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং খাগড়াছড়ি জেলার যুব উন্নয়ন কার্যালয়। এখন বাকি দপ্তর ও বিভাগগুলোর হস্তান্তর ত্বরান্বিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।এই উদ্যোগ কার্যকর করতে ১৮টি মন্ত্রণালয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় তিন দিনের সভার আয়োজন করেছে। গতকাল সোমবার অনুষ্ঠিত এর দ্বিতীয় সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা উপরিউক্ত বক্তব্য দেন। গতকাল বেলা তিনটায় পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় তিন জেলার স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (সিএমএমইউ), রাঙামাটির মৎস্য উন্নয়ন করপোরেশন ও মৎস্য গবেষণা ইনস্টিটিউট, তিন জেলার স্থানীয় পর্যটন, পরিসংখ্যান কার্যালয়, মহাজনি কারবার, জুম চাষ এবং বান্দরবানের সরকারি শিশুসদন হস্তান্তরের বিষয়ে আলোচনা হয়েছে।সভায় সিনিয়র সচিব (স্বাস্থ্য মন্ত্রণালয়) মুহম্মদ হুমায়ুন কবির, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব উজ্জ্বল বিকাশ দত্ত, সমাজকল্যাণসচিব রণজিৎ কুমার বিশ্বাস, অতিরিক্ত সচিব (মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান) পিউস কস্তা, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মাকসুদুর রহমান পাটোয়ারী, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম সচিব আবদুল জলিল, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মিজানুর রহমান এবং সমন্বয়কারী মন্ত্রণালয় হিসেবে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নববিক্রম কিশোর ত্রিপুরা উপস্থিত ছিলেন।আজ মঙ্গলবার সভার তৃতীয় ও শেষ দিনে কৃষি, পরিবেশ ও বন, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়, যোগাযোগ, স্বরাষ্ট্র ও ভূমি মন্ত্রণালয়ের অহস্তান্তরিত বিষয়গুলো হস্তান্তরের বিষয়ে আলোচনা হবে।