চলতি আগস্ট মাসের মাঝামাঝি থেকে সমাবেশের মাধ্যমে মাঠে নামতে চায় বিএনপি। এ জন্য ১৫ আগস্টের আগে-পরে তিনটি তারিখ প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে বলে দলটির দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে।
তবে এখন পর্যন্ত আন্দোলনের রূপরেখা চূড়ান্ত হয়নি। শিগগির দল ও জোটের বৈঠক করে তা চূড়ান্ত করা হবে বলে ওই সূত্রটি জানায়।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও গত বৃহস্পতিবার জানিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যে বিএনপির স্থায়ী কমিটি ও ২০-দলীয় জোটের বৈঠক করে আন্দোলনের রূপরেখা ঠিক করা হবে। অবশ্য তিনি গতকাল শুক্রবার চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন।
বিএনপির আন্দোলন কর্মসূচি কেমন হতে পারে—এ নিয়ে দলটির স্থায়ী কমিটির তিনজন সদস্য ও দুজন যুগ্ম মহাসচিবসহ গুরুত্বপূর্ণ আরও কয়েকজন নেতার সঙ্গে কথা হয়। তাঁরা জানান, আগামী ঈদুল আজহা ও হজের পর পর বড় আন্দোলন গড়ে তোলার লক্ষ্য সামনে রেখে মূলত মাঠে নামার পরিকল্পনা করা হচ্ছে। এর মধ্য দিয়ে ৫ জানুয়ারির পর হতাশ নেতা-কর্মীদের উজ্জীবিত করার পাশাপাশি সংগঠন গোছানোর কাজ চলবে। এ কারণে সাংঘর্ষিক পরিস্থিতি সৃষ্টি হতে পারে—এমন কর্মসূচি এড়ানোর চেষ্টা থাকবে।
এসব নেতা জানান, রাজধানী ও আশপাশের জেলা-উপজেলায় চলতি মাসে একাধিক মিছিল-সমাবেশসহ গণসংযোগমূলক কিছু কর্মসূচি পালন করার বিষয়ে নীতিনির্ধারণী পর্যায়ে অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে। আর এসব কর্মসূচিতে সরকার বাধা দিলে বা অন্য কোনো ‘গুরুতর’ পরিস্থিতি তৈরি হলে হরতালের মতো কর্মসূচিও আসতে পারে। সেটা নির্ভর করবে উদ্ভূত পরিস্থিতির ওপর।
বিএনপির যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান প্রথম আলোকে বলেন, শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে তাঁরা নির্দলীয় সরকারের অধীন সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচনের দাবিতে আরও সোচ্চার হতে চান। তবে সরকারের আচরণের ওপর নির্ভর করবে পরবর্তী পরিস্থিতি।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াও গত মঙ্গলবার ঈদুল ফিতরের দিন শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের বলেছেন, তাঁরা গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচি দিয়ে এগিয়ে যেতে চান। এর আগে রমজান মাসে একাধিক ইফতার অনুষ্ঠানে খালেদা জিয়া ‘ঈদের পর সরকার পতনের আন্দোলনে’ নামার কথা বলেছিলেন।
তবে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের গুরুত্বপূর্ণ একটি সূত্র দাবি করে, খালেদা জিয়া মূলত ঈদের পরে আন্দোলনকে ‘দৃশ্যমান’ করার কথা বলেছেন। এ জন্য মিছিল, সমাবেশ, গণ-অবস্থানের মতো কর্মসূচির কথা ভাবা হচ্ছে।
আর বিএনপির চেয়ারপারসনের একজন উপদেষ্টা প্রথম আলোকে বলেন, ‘কোরবানির ঈদের পর হবে মূল আন্দোলন। এখন যা হবে তা হলো সবাইকে মেন্টালি রেডি করা।’
দলের উচ্চপর্যায়ের অপর একটি সূত্র জানায়, বিএনপি মনে করছে, রাজপথে আন্দোলনের পাশাপাশি কূটনৈতিকভাবে সরকারের ওপর চাপ সৃষ্টি করাটাও জরুরি। এ বিষয়টির ওপর দলটি গুরুত্ব দিচ্ছে।
এ সূত্রটি এ-ও জানায়, ৫ জানুয়ারির নির্বাচন প্রতিহত করার আন্দোলনের ব্যর্থতার জন্য বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃত্ব মূলত দলের ঢাকা মহানগর কমিটিকে দায়ী বলে মনে করে। তাই ঢাকা মহানগর বিএনপি পুনর্গঠনের লক্ষ্যে গত মাসে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি এখনো পুরোদমে কাজও শুরু করতে পারেনি। এ অবস্থায় ‘মারদাঙ্গা’ কর্মসূচি দিয়ে মহানগর কমিটির পুনর্গঠনে ব্যাঘাত ঘটাতে চায় না দলটি। বরং সভা-সমাবেশের মধ্য দিয়ে নিষ্ক্রিয় নেতা-কর্মীদের সক্রিয় করে মহানগরের ওয়ার্ড ও থানা কমিটিগুলো কমিটি গঠনের কাজ শেষ করার চিন্তা রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে নবগঠিত ঢাকা মহানগর কমিটির প্রথম যুগ্ম আহ্বায়ক ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু প্রথম আলোকে বলেন, নতুন আহ্বায়ক কমিটির মূল দায়িত্ব নির্বাচন ও আন্দোলনের জন্য মহানগরকে পুনর্গঠন করে সুসংগঠিত করা। তাঁরা সে লক্ষ্যে কাজ করছেন।