আগস্টের ১০ দিনে ডেঙ্গুতে আক্রান্ত আড়াই হাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিটফোর্ড হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য নির্ধারিত ওয়ার্ড।
প্রথম আলো

দেশে ডেঙ্গু ও ডেঙ্গুর উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে আগস্ট মাসেই এ সংখ্যা ২ হাজার ৫৩৪।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। তারা বলেছে, বর্তমানে দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে ৯০৭ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে।

আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু ও ডেঙ্গুর উপসর্গ নিয়ে ২১৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ঢাকায় ১৮৮ জন ও ঢাকার বাইরে ২৫ জন।

ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা আজ পর্যন্ত ৮৪১। দেশের অন্যান্য বিভাগের হাসপাতালগুলোয় ভর্তি আছে আরও ৬৬ জন রোগী।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ আগস্ট পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ হাজার ১৯২ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে আগস্ট মাসে এখন পর্যন্ত ভর্তি হয়েছে ২ হাজার ৫৩৪ জন। এ বছরে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৪ হাজার ২৬৩ জন।

মিটফোর্ড হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে রোগীর সঙ্গে কথা বলছেন চিকিৎসক।
প্রথম আলো

দেশে ডেঙ্গুর উপসর্গ নিয়ে এখন পর্যন্ত ২২টি মৃত্যুর তথ্য রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) কাছে এসেছে। পর্যালোচনা শেষে আইডিসিআর নিশ্চিত করবে আসলে এই মৃত্যুগুলো ডেঙ্গুতে ছিল কি না।