ডেঙ্গু পরিস্থিতি
আগস্টের ১৬ দিনেই ১৩ জনের মৃত্যু
জুলাই মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ১২ জন। সব মিলিয়ে এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ২৫ জনের মৃত্যু।
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ২৫ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে চলতি মাসের প্রথম ১৬ দিনেই মারা গেছেন ১৩ জন। আর গত জুলাই মাসে মারা গেছেন ১২ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম থেকে গতকাল সোমবার এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে শুধু ঢাকা মহানগরেরই ২১ জন। এর মধ্যে ৫ শিশুও রয়েছে। বাকি চারজনের মধ্যে চট্টগ্রামে মারা গেছেন ২ জন। এ ছাড়া খুলনা ও বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন করে ডেঙ্গু রোগী মারা গেছেন।
চিকিৎসকেরা বলছেন, ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের মধ্যে শিশুদের সংখ্যা এখন আগের চেয়ে বেড়েছে। তাই শিশুরা যাতে আক্রান্ত না হয়, সে জন্য প্রতিটি বাসায় অভিভাবকদের সতর্ক থাকতে হবে। ডেঙ্গু জ্বরের উপসর্গ সম্পর্কে তাঁরা বলছেন, জ্বর, মাথাব্যথা, চোখব্যথা, মাংসপেশিতে ব্যথা, শরীরে র্যাশ ওঠা, মুখ থেকে রক্তক্ষরণ, পেট ফুলে যাওয়া, শরীরে পানি আসা—এসব লক্ষণ নিয়ে শিশুরা হাসপাতালে আসছে।
চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত দেশে ডেঙ্গু পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে ছিল। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য পর্যালোচনা করে দেখা যাচ্ছে, গত মে মাসে ডেঙ্গুতে আক্রান্ত হন ২৭২ জন। কিন্তু জুলাই মাসে আক্রান্তের সংখ্যা আট গুণের বেশি বেড়ে যায়। জুলাইয়ে আক্রান্ত হন ২ হাজার ২৮৬ জন। আর চলতি মাসের প্রথম ১৬ দিনেই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬৬৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় (গত রোববার সকাল আটটা থেকে গতকাল সকাল আটটা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২২১ জন। আর চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৩২১ জন। তাঁদের মধ্যে ৫ হাজার ২৬৪ জন ইতিমধ্যে সুস্থ হয়েছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৯৮ জনের মধ্যে ১৮৯ জনই রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। সরকারি হাসপাতালের মধ্যে মিটফোর্ড হাসপাতালেই ডেঙ্গু আক্রান্তরা বেশি ভর্তি হচ্ছেন। রোগীর সংখ্যা বাড়তে থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ ১ আগস্ট থেকে ডেঙ্গু আক্রান্তদের জন্য আলাদা ইউনিটও চালু করেছে। এই ইউনিটে ৭৫টি আসনের বিপরীতে প্রায় দ্বিগুণ রোগী এখন চিকিৎসা নিচ্ছেন।
মিটফোর্ড ছাড়া ঢাকা শিশু হাসপাতালেও ডেঙ্গু আক্রান্তদের চাপ গত জুলাই মাস থেকে বাড়ছে। হাসপাতালটির এপিডেমিওলজিস্ট (রোগতত্ত্ববিদ) কিংকর ঘোষ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বর্তমানে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৫০ শিশু চিকিৎসাধীন রয়েছে। চলতি মাসের ১৬ দিনে ১৬৫ শিশু ভর্তি হয়েছে, আর গত জুলাইতে ভর্তি ছিল ১০৪ শিশু।
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুর খবর দুই মাস ধরেই শোনা যাচ্ছিল। ডেঙ্গু সন্দেহে মৃত ব্যক্তির তথ্য পর্যালোচনা করে তা নিশ্চিত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। এ পর্যন্ত ডেঙ্গু সন্দেহে কত মৃত্যুর তথ্য পর্যালোচনা করা হয়েছে, তা জানতে গতকাল রাতে আইইডিসিআরের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা এ এস এম আলমগীরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন।
পরে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রথম আলোকে জানানো হয়, ২০১৯ সালে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় আইইডিসিআরকে মৃত্যুর তথ্য নিশ্চিত করতে বলা হয়েছিল। এখন পরিস্থিতি আগের মতো নেই।
তাই আইইডিসিআর মৃত্যুর তথ্য নিশ্চিত করবে না। নতুন করে সিদ্ধান্ত হয়েছে, এখন থেকে মৃত্যু তথ্য সংগ্রহ করে তা কন্ট্রোল রুম থেকেই নিশ্চিত করা হবে।
দুই দশকের বেশি সময় ধরে ঢাকায় ডেঙ্গুর প্রাদুর্ভাব চললেও ২০১৯ সালে ব্যাপকভাবে এ রোগ ছড়ায়। সে সময় সরকারি হিসাবে লাখের বেশি আক্রান্ত এবং দেড় শতাধিক মানুষের মৃত্যু হয়।
করোনা পরিস্থিতির ঊর্ধ্বগতির মধ্যেই বর্ষা মৌসুম শুরুর পর রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকে। এরপরই দুই সিটি করপোরেশন নড়েচড়ে বসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এক মাস ধরেই সচেতনতামূলক প্রচারণা চালিয়ে যাচ্ছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। অন্যদিকে দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপসও মশকনিধন কার্যক্রম কয়েক দিন ধরে সরেজমিনে পরিদর্শন করেছেন।
মশক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকার দুই সিটি করপোরেশনও কন্ট্রোল রুম চালু করেছে। ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশার লার্ভার তথ্য জানাতে নগরবাসীকে আহ্বান জানাচ্ছে দুই সিটির কর্তৃপক্ষ; পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চিরুনি অভিযানও চালানো হচ্ছে।
১ এপ্রিল থেকে গতকাল পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে ৮০ লাখ ৮৪ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের। আর উত্তর সিটির স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়েছে, চলমান চিরুনি অভিযানে তারা ৫০ লাখের বেশি টাকা জরিমানা করেছে।
তবে মশকনিধনে দুই সিটি করপোরেশনের কার্যক্রম পর্যাপ্ত নয় বলে মনে করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক কবিরুল বাশার। তিনি প্রথম আলোকে বলেন, ডেঙ্গু পরিস্থিতি এখন যে পর্যায়ে রয়েছে, তা প্রায় মহামারি। এই অবস্থায় শহরের প্রতিটি বাড়িতে গিয়ে মশকনিধনে ওষুধ ছিটানো প্রয়োজন। অবশ্য দুই সিটির জনবলে ঘাটতি আছে। তাই অস্থায়ী ভিত্তিতে কর্মী নিয়োগ করে কাজটি করতে পারে দুই সিটি করপোরেশন।