আগা খান ঢাকায়, সহযোগিতা প্রটোকল স্বাক্ষর
ইসমাইলিয়া সম্প্রদায়ের ধর্মীয় নেতা প্রিন্স করিম আগা খান দুই দিনের সফরে গতকাল সোমবার সকালে ঢাকায় এসেছেন। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান। খবর বাসসের।
প্রিন্স করিম আগা খান পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে আগা খান বলেন, তাঁর সংস্থা শিক্ষা খাতে, সেবিকাদের জন্য উচ্চশিক্ষা ও পাট খাতের উন্নয়নে সহায়তা দেবে।
পরে বাংলাদেশ ও আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক (একেডিএন) গতকাল শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি ও পরিবেশের ক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে সহযোগিতাসংক্রান্ত একটি প্রটোকল স্বাক্ষর করেছে। দীপু মনি ও সফররত একেডিএনের চেয়ারম্যান প্রিন্স করিম আগা খান গতকাল বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রটোকল স্বাক্ষর করেন।
প্রটোকল অনুযায়ী, একেডিএন তাদের ১০টি সংস্থার মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি ও পরিবেশের ক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে কাজ করবে।
একেডিএন পরে পর্যটন, স্বাস্থ্য, কারিগরি শিক্ষা ও অন্যান্য সেবা খাতে বিনিয়োগ করবে, যা বাংলাদেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণে সহায়ক হবে।