আগা খান পুরস্কার অনুপ্রেরণা জোগাবে: সংস্কৃতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসাদুজ্জামান নূর। ফাইল ছবি
আসাদুজ্জামান নূর। ফাইল ছবি

দেশের দুটি স্থাপনা আগা খান স্থাপত্য পুরস্কার পাওয়া দেশের জন্য অনন্য একটি সম্মান। এটি দেশের স্থাপত্যকলার চর্চাকে আরও এগিয়ে নিয়ে যাবে। তরুণ প্রজন্ম এ থেকে অনুপ্রেরণা পাবে। এমনটাই মনে করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
আজ মঙ্গলবার রাজধানীর গুলশানে এজ গ্যালারিতে আগা খান স্থাপত্য পুরস্কার বিজয়ীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন সংস্কৃতিমন্ত্রী।
এবার বাংলাদেশের দুটি স্থাপনা এ পুরস্কার জিতেছে। ঢাকার বায়তুর রউফ মসজিদের স্থাপত্যের জন্য মেরিনা তাবাসসুম এবং গাইবান্ধায় ফ্রেন্ডশিপ সেন্টার স্থাপত্যের জন্য কাসেফ মাহবুব চৌধুরী এ পুরস্কার পেয়েছেন। এ ছাড়া চীনের বেইজিংয়ে অবস্থিত হুটং চিলড্রেনস লাইব্রেরি অ্যান্ড আর্ট সেন্টার, ডেনমার্কের কোপেনহেগেনে অবস্থিত সুপার ক্লিয়েন, ইরানের তেহরানে অবস্থিত তাবিয়াত পেডেস্ট্রিয়ান ব্রিজ এবং বৈরুতের ইসাম ফেয়ার্স ইনস্টিটিউটও পুরস্কার জিতেছে।
আগামী নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে বলে অনুষ্ঠানে জানানো হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশে আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক মিশনের আবাসিক কূটনৈতিক প্রতিনিধি মুনীর এম মেরাইলি। বক্তব্য দেন পুরস্কার বিজয়ী স্থপতি মেরিনা তাবাসসুম। আরেক বিজয়ী স্থপতি কাসেফ মাহবুব চৌধুরী অনুষ্ঠানে ছিলেন না।

মেরিনা তাবাসসুম তাঁর বক্তব্যে বলেন, এ পুরস্কারের কৃতিত্ব শুধু একার নয়—স্থপতি দলের অন্য সদস্য, প্রকল্প-সংশ্লিষ্ট সবার। তিনি বলেন, এটি ব্যক্তিগত অর্জনের চেয়ে অর্জনটা দেশের। এ পুরস্কার তরুণদের ভালো কাজ করতে অনুপ্রেরণা জোগাবে বলে তাঁর বিশ্বাস।

অনুষ্ঠানে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব আখতারী মমতাজ, বিভিন্ন দেশের কূটনীতিক, ব্যবসায়ী, স্থপতি, নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।