আগা খান স্থাপত্য পুরস্কারের মাস্টার জুরি কাজী খালিদ আশরাফ
সুইজারল্যান্ডের জেনেভাভিত্তিক আগা খান স্থাপত্য পুরস্কার ২০২২ সালের বিজয়ী নির্বাচন পরিষদের মাস্টার জুরিদের নাম ঘোষণা করেছে। ৯ সদস্যের মাস্টার জুরিদের একজন হিসেবে আমন্ত্রিত হয়েছেন বাংলাদেশি স্থপতি ও নগরবিদ কাজী খালিদ আশরাফ। তিনি বেঙ্গল ইনস্টিটিউট ফর আর্কিটেকচার, ল্যান্ডস্কেপস অ্যান্ড সেটেলমেন্টসের মহাপরিচালক।
‘আগা খান অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার’ স্থাপত্য জগতে অত্যন্ত সম্মানজনক স্বীকৃতি। জুরিরা স্বতন্ত্র ও নিরপেক্ষভাবে শতাধিক মনোনীত প্রজেক্টগুলোর মধ্য থেকে বাছাই করা প্রজেক্টগুলো নিয়ে আগামী জানুয়ারি মাসের মধ্যে একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করবেন।
জুরিবোর্ডের সদস্যদের মনোনীত বিজয়ী প্রজেক্টগুলোকে আগা খান স্থাপত্য পুরস্কার হিসেবে ১০ লাখ মার্কিন ডলার পুরস্কার দেওয়া হবে।
আগা খান স্থাপত্য পুরস্কারের (১৯৭৮-১৯৮০) প্রথম মাস্টার জুরিদের একজন সদস্য ছিলেন প্রথিতযশা প্রয়াত বাংলাদেশি স্থপতি মাযহারুল ইসলাম। মাস্টার জুরির অন্য সদস্যরা হলেন কনজারভেশন আর্কিটেক্ট নাদা আল হাসান; এমেলি আন্দ্রস, ডিন, কলাম্বিয়া ইউনিভার্সিটি জিএসএপিপি; বার্লিন ও প্যারিসভিত্তিক শিল্পী কাদের আটিয়া; অধ্যাপক সিবেল বোযদোয়ান, বোস্টন ইউনিভার্সিটি; প্যারিসভিত্তিক স্থপতি লিনা গোটমেহ; অধ্যাপক ফ্রান্সিস ক্যারে, দ্য টেকনিক্যাল ইউনিভার্সিটি অব মিউনিখ; প্রিৎযকার বিজয়ী অ্যান লেকেটন; নাদের তেহরানি, দ্য কুপার ইউনিয়ন স্কুল অব আর্কিটেকচার ইন নিউইয়র্ক।
আগা খান স্থাপত্য পুরস্কারের ক্ষেত্রে প্রজেক্ট নির্বাচনী প্রক্রিয়ায় মূলত জোর দেওয়া হয় এমন প্রজেক্টগুলোকে—যেগুলো কাঠামোগত, সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে অবদান রাখার পাশাপাশি স্থানীয় সংস্কৃতির প্রতিনিধিত্ব করবে। মাস্টার জুরিদের বাছাই করা সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রজেক্টগুলোকে সরেজমিন স্বতন্ত্র বিশেষজ্ঞরা পুনরায় যাচাই করবেন। এই বিশেষজ্ঞ দলের বেশির ভাগ সদস্যই হবেন স্থপতি। এ ছাড়া থাকবেন কনজারভেশন স্পেশালিস্ট, নগর–পরিকল্পনাবিদ ও প্রকৌশলী। উপযুক্ত প্রযুক্তি ও স্থানীয় উপকরণ ব্যবহার করে উদ্ভাবনী উপায়ে নির্মিত স্থাপনাগুলো এবং অন্যান্য জায়গায় চলমান স্থাপত্যচর্চাকে অনুপ্রাণিত করতে পারে, এমন প্রজেক্টগুলোকে নির্বাচনের ক্ষেত্রে বিশেষভাবে নজর দেওয়া হবে।
আগা খানের সভাপতিত্বে একটি পরিচালনা কমিটি আগা খান স্থাপত্য পুরস্কার পরিচালনা করে। পরিচালনা কমিটির অন্য সদস্যরা হলেন শেইখ মাই বিনত মোহাম্মাদ আল খলিফা, প্রেসিডেন্ট, বাহরাইন অথরিটি ফর কালচার অ্যান্ড অ্যান্টিকুইটিস, মানামা; এমরে আরোলাত, প্রতিষ্ঠাতা, এমরে আরোলাত আর্কিটেকচার, ইস্তাম্বুল; মেইসা বাতায়নেহ, প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল আর্কিটেক্ট, মাইসাম আর্কিটেক্টস অ্যান্ড ইঞ্জিনিয়ারস, আম্মান; সার ডেভিড চিপারফিল্ড, ডেভিড চিপারফিল্ড আর্কিটেক্টস, লন্ডন; সউলেমান বাশির দিয়াগ্নে, ডিরেক্টর ফর আফ্রিকান স্টাডিজ, কলাম্বিয়া ইউনিভার্সিটি, নিউইয়র্ক; নাসের রাবাত, আগা খান প্রফেসর, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি, কেমব্রিজ; মেরিনা তাবাশ্যুম, প্রিন্সিপাল, মেরিনা তাবাশ্যুম আর্কিটেক্টস, ঢাকা; সারাহ এম হোয়াইটিং, ডিন গ্র্যাজুয়েট স্কুল অব ডিজাইন, হার্ভার্ড ইউনিভার্সিটি, কেমব্রিজ। আগা খান অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচারের ডিরেক্টর ফারোখ দেরাখশানি। বিজ্ঞপ্তি