বিভিন্ন বিষয়ে গভীর জ্ঞান, প্রখর স্মৃতিশক্তি থাকার পরও সাংবাদিক মকবুলার রহমান ছিলেন একজন প্রচারবিমুখ মানুষ। চারিত্রিক দৃঢ়তা, সমাজ ও রাজনীতি সম্পর্কে তাঁর সচেতনতা ছিল অন্যদের চেয়ে একেবারেই ভিন্ন। তিনি আগাগোড়াই ছিলেন অসাম্প্রদায়িক ও মুক্তমনা।
রাজধানীর পুরানা পল্টনে দৈনিক সংবাদ কার্যালয়ে গতকাল শনিবার মকবুলার রহমান স্মরণে আয়োজিত এক শোকসভায় বক্তারা এসব কথা বলেন। মকবুলার রহমান দৈনিক সংবাদ-এ ১৯৯০ থেকে ২০১৪ সাল পর্যন্ত কর্মরত ছিলেন।
দৈনিক সংবাদ-এর ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামানের সভাপতিত্বে শোকসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন দৈনিক ইত্তেফাক-এর সহকারী সম্পাদক মিনার মনসুর, সংবাদ-এর সিনিয়র সাংবাদিক সুহৃদ আহমদ মুজতাহিদ, নাসিমুন আরা হক, সহকারী সম্পাদক অধ্যাপক হারাধন গাঙ্গুলী, ইউনিট চিফ অজয় বড়ুয়া, প্রধান প্রতিবেদক সালাম জুবায়ের, সাহিত্য সম্পাদক ওবায়েদ আকাশ, ইত্তেফাক-এর সাবেক রেফারেন্স এডিটর নোমানুল হক ও মকবুলার রহমানের মেয়ে আইনজীবী শিলা প্রমুখ। শোকসভা পরিচালনা করেন সংবাদ-এর ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ুন।
বক্তারা বলেন, ‘পদার্থবিজ্ঞানে পিএইচডি মকবুলার রহমানের ছিল দর্শন, সাহিত্য ও সাংবাদিকতায় অগাধ পাণ্ডিত্য। বহুমাত্রিক গুণাবলি নিয়ে একেবারে মাটির মানুষের মতো জীবন কাটিয়ে গেছেন তিনি। বিজ্ঞপ্তি।