আগাছা ধ্বংসে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগুন জ্বালিয়ে রাবার বাগানের আগাছা পরিষ্কার করায় ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য l ছবি: প্রথম আলো
আগুন জ্বালিয়ে রাবার বাগানের আগাছা পরিষ্কার করায় ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য l ছবি: প্রথম আলো

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর রাবার বাগানে আগুনে পুড়িয়ে আগাছা ধ্বংস করা হচ্ছে। এতে জীববৈচিত্র ধ্বংস হচ্ছে বলে মনে করছেন অনেকে।
গত শুক্রবার সরেজমিনে দেখা যায়, কয়েকজন শ্রমিক বাগানের আগাছায় আগুন ধরিয়ে দিচ্ছেন। তাঁদের নেতৃত্ব দিচ্ছিলেন মুহাম্মদ সেলিম নামের এক কর্মচারী। তিনি বলেন, ‘কর্তৃপক্ষের নির্দেশে আগুন দিচ্ছি। জীববৈচিত্র৵ ধ্বংসের বিষয়টি আমার জানা নেই।’
কাঞ্চননগর গ্রামের বাসিন্দা আবদুল গণি বলেন, ‘শীতের শুরু থেকে বিচ্ছিন্নভাবে বাগানের ভেতরে প্রতিদিন বিকেলে আগুন লাগানো হয়। আমরা বাগান কর্তৃপক্ষকে পরিবেশের প্রতি হুমকির বিষয়টি বলেছি। কিন্তু তারা এসব কথায় কান দেন না।’
বাগানের ব্যবস্থাপক সাইফুল আলম বলেন, ‘বড় গাছ রক্ষা করতে ঝোপ-জঙ্গল পুড়িয়ে ফেলা হচ্ছে। এতে পরিবেশ ও জীববৈচিত্রে৵র কিছুটা ক্ষতি হলে আমাদের কিছু করার নেই।’
উপজেলার পরিবেশবাদী সংগঠন পরিবেশ সাংবাদিক সমিতির সভাপতি সোলাইমান আকাশ বলেন, ‘বাগানের লোকজন নিজেদের স্বার্থে ঝোপ-জঙ্গল নিধন করে যাচ্ছে। এ ধরনের ঘটনা পরিবেশের জন্য হুমকি সৃষ্টি করছে।’
উপজেলা কৃষি কর্মকর্তা লিটন দেননাথ বলেন, ‘এভাবে ঝোপঝাড় নিধনের কারণে মাটি, ফসল ও এলাকার পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়। পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে—এমন কোনো কাজ করা ঠিক নয়।’
নাজিরহাট ডিগ্রি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক শাহ জামাল উদ্দিন বলেন, ‘অবাধে আগুন দেওয়ায় ছোট কীটপতঙ্গ মরে যাচ্ছে। এতে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে ও জমির উর্বরতা শক্তি কমে যাচ্ছে।’
পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মকবুল হোসেন বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে সেখানে অভিযান চালানো হবে।