আগাছানাশক ছিটিয়ে ধানখেত নষ্ট
আগাছানাশক ছিটিয়ে দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় দুই বর্গাচাষির সোয়া পাঁচ বিঘা জমির ধানগাছ নষ্ট করে ফেলেছে দুর্বৃত্তরা। গত রোববার দিবাগত রাতে উপজেলার খামার জগন্নাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, খামার জগন্নাথপুর গ্রামের মণ্ডলপাড়ার বর্গাচাষি মহুবার রহমান চার বিঘা এবং একই পাড়ার অপর বর্গাচাষি সাদিকুল ইসলাম এক বিঘা চার কাঠা জমিতে গত ফেব্রুয়ারি মাসের শুরুতে বোরো ধানের চারা রোপণ করেন। চারা কিছুটা বড় হয়েছিল।
সাদিকুল ইসলাম অভিযোগ করেন, এলাকার প্রভাবশালী ওবায়দুর রহমান জমিতে সেচের জন্য তাঁর গভীর নলকূপ থেকে পানি নিতে চাপ দিচ্ছিলেন। কিন্তু তাঁরা ওই পানি না নিয়ে নিজেরাই জমিতে অগভীর নলকূপ স্থাপন করেন। এতে ক্ষিপ্ত হন ওবায়দুর রহমান ও তাঁর অপর দুই ভাই। তাঁরা রাতেই আগাছানাশক ছিটিয়ে ধানখেতের ক্ষতি করেন।
এ ব্যাপারে গতকাল সোমবার পার্বতীপুর থানায় ক্ষতিগ্রস্ত বর্গাচাষিরা বিষ প্রয়োগ করে ফসলহানির অভিযোগে মামলা করেছেন। ওই মামলায় ওবায়দুর রহমান এবং তাঁর দুই ভাই জোবাইদুল ইসলাম ও জিয়াউল ইসলামকে আসামি করা হয়েছে।
মামলার আসামি ওবায়দুর রহমান বলেন, ‘অন্যায়ভাবে আমাকে আসামি করা হয়েছে। এটা ষড়যন্ত্র, আমি কারও ধানখেতের ক্ষতি করিনি।’
পার্বতীপুর থানার ওসি মাহবুবুল আলম জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।