আগাছানাশক ছিটিয়ে গমখেতের বারোটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে আগাছা ধ্বংসের জন্য খেতে ওষুধ ছিটানোর কারণে গমগাছের বৃদ্ধি ব্যাহত হচ্ছে। একই কারণে পাতা কুঁকড়ে গেছে। কয়েক শ বিঘা জমির খেতের গাছের এ অবস্থা হয়েছে। এতে ফলন বিপর্যয় ঘটবে বলে কৃষকেরা আশঙ্কা প্রকাশ করেছেন। উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় এক হাজার ২৬৮ হেক্টর জমিতে গম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ধানের তুলনায় গম চাষে খরচ কম হওয়ায় কৃষকেরা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে গম চাষ করেছেন। কৃষকেরা জানান, গমখেতের গাছ সামান্য বড় হওয়ার পর আগাছা ধ্বংসের জন্য আগাছানাশক ছিটানো হয়। এ ওষুধ ছিটানোর কয়েক দিনের মধ্যেই গমগাছের পাতা কুঁকড়ে যায়। বেরুবাড়ী ইউনিয়নের চরবেরুবাড়ী গ্রামের গমচাষি হাবিব মণ্ডল ও নবাব মণ্ডল জানান, বোরো আবাদের চেয়ে গম চাষে খরচ কম। তাই বোরোর জমিতেও গম লাগানো হয়েছে। খেতে আগাছা বেড়ে যাওয়ায় ‘সিস্টেমিক আগাছানাশক ২-৪ ডিএমাইন’ নামের একটি ওষুধ ছিটানো হয়েছিল। এতে আগাছা না মরলেও খেতের ফসলই নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। খেতের এ অবস্থা থাকলে গমের শীষও ঠিকমতো বের হবে না। কচাকাটা বাজারের কীটনাশক ব্যবসায়ী মণ্ডল ট্রেডার্সের মালিক সফিকুল ইসলাম মণ্ডল বলেন, ‘কোম্পানি আমাদের ওষুধ দেয়; আমরা তা বিক্রি করি। এর গুণাগুণ সম্বন্ধে আমাদের ধারণা নেই।’ উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদুর রহমান সরকার জানান, পরিমানের চেয়ে বেশি ওষুধ কিংবা মেয়াদাত্তীর্ণ ওষুধ দেওয়ার ফলে গম গাছের পাতা কুকড়ে গেছে। এ কারণে গম গাছ আর বাড়বে না এবং এ থেকে শীষও বের হবে না। ফলে গমের ফলন বিপর্যয় ঘটবে। এ অবস্থায় আমরা গাছ পানি দিয়ে ভিজিয়ে দেওয়ার এবং ভিটামিন খেতে ওষুধ ছিটানোর পরামর্শ দিচ্ছি।