আগাছানাশক ছিটিয়ে বিপাকে কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিড়ানির খরচ বাঁচাতে কৃষকেরা চলতি বোরো মৌসুমে ধানখেতে আগাছানাশক দিয়েছিলেন। কিন্তু এতে আগাছা তো মরেইনি বরং দেখা দিয়েছে নানা বিপত্তি। ধানের চারা বাড়ছে না ও গাছ পচে যাচ্ছে। এ ঘটনা ঘটেছে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায়।
ওই আগাছানাশক ব্যবহারের কারণে দেবীগঞ্জ উপজেলার সোনাহার, দণ্ডপাল, পামুলী, পাঁচপীর, শালডাঙ্গাসহ বিভিন্ন এলাকার কয়েক শ বোরোচাষি ক্ষতিগ্রস্ত হবেন বলে আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় কীটনাশকবিক্রেতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে শতাধিক কৃষক দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলামের কাছে গত ২৫ মার্চ লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের অনুলিপি জেলা প্রশাসক, কৃষিমন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
লিখিত ওই অভিযোগ সূত্রে জানা গেছে, দেবীগঞ্জ উপজেলার কৃষকেরা পাশের দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বাহাদুর বাজার এলাকার কীটনাশক ব্যবসায়ী মো. বিপ্লব হোসেনের কাছ থেকে বোরো খেতের আগাছা নির্মূলে এসএএম অ্যাগ্রো কেমিক্যাল কোম্পানির অরনেট ২০ ডব্লিউ ডিজি নামের আগাছানাশক কেনেন। মৌসুমের শুরুতে খেতে দেওয়ার ১০-১৫ দিন পরও আগাছা মরেনি। এ ছাড়া ধানগাছ একপর্যায়ে আর না বাড়ার পাশাপাশি পচেও যাচ্ছে।
কৃষকেরা প্রতারণার ঘটনা টের পেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ করেন। লিখিত অভিযোগ পাওয়ার পর দেবীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তাসহ কৃষি বিভাগের লোকজন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
কীটনাশক ব্যবসায়ী মো. বিপ্লব দাবি করেন, কৃষকেরা সঠিক মাত্রায় খেতে আগাছানাশক না দেওয়ায় সমস্যার সৃষ্টি হয়েছে।
দেবীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল্ল্যাহ আল মামুন বলেন, কৃষকদের অভিযোগ পাওয়ার পর পরই ওষুধের নমুনা সংগ্রহ করে দ্রুত পরীক্ষার জন্য ২৮ মার্চ ঢাকায় পাঠানো হয়। প্রতিবেদন পাওয়ার পর সংশ্লিষ্ট কোম্পানি বা ব্যবসায়ীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।