আগাছানাশক ব্যবহারে মরছে বোরো খেত
একটি প্রতিষ্ঠানের ওষুধ ব্যবহার করে নওগাঁর পত্নীতলা উপজেলার তিন হাজার বিঘার বোরো খেত নষ্ট হয়ে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত ওই কোম্পানির ওষুধ বাজার থেকে প্রত্যাহারসহ কোম্পানির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও ক্ষতিপূরণ দাবি করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে কৃষিমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। স্মারকলিপিতে অভিযোগ করা হয়, ‘ঢাকার ন্যাশনাল এগ্রিকেয়ার ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট লিমিটেডের বিক্রয় প্রতিনিধির পরামর্শে তাঁরা গণচীনের সাংহাই এগ্রো কেমিক্যালসের চেনজার-১৮ ডব্লিউপি নামের এক ধরনের আগাছানাশক জমিতে ব্যবহার করেন। ওই ওষুধ প্রয়োগের ফলে তিন হাজার বিঘা জমির ধানের থোড়ে পচন ধরে গাছ মরে যাচ্ছে।’ তবে উপজেলা কৃষি কর্মকর্তা এস এম সিরাজুল ইসলাম জানান, ওই কোম্পানির ওষুধের প্রভাবে উপজেলার পাটিচরা ইউনিয়নের প্রায় ২০০ বিঘা বোরো ধানের ক্ষতি হয়েছে বলে তাঁরা প্রাথমিক তদন্তে নিশ্চিত হয়েছেন। এ অবস্থায় উপজেলা প্রশাসন বুধবার ওই ওষুধ বিক্রেতা উপজেলার মুসা ট্রেডার্স থেকে চেনজার-১৮ ডব্লিউপি জব্দ করে তা বিক্রি বন্ধ করে দেওয়া হয়।উপজেলার বহবলপুর গ্রামের কৃষক দেলোয়ার হোসেন, পাটিচরা গ্রামের বিপুল কুমার দাস ও দিলীপ কুমার সাহা জানান, কোম্পানির বিক্রয় প্রতিনিধি আকতারুজ্জামানের পরামর্শে ও ওষুধের ব্যবহারবিধি দেখে তাঁরা ১৫ দিন আগে চেনজার-১৮ ডব্লিউপি জমিতে প্রয়োগ করেন। কিন্তু ওষুধ প্রয়োগের কয়েক দিনের মধ্যে জমিতে থাকা আগাছা দমনের পাশাপাশি ধান গাছের থোড় পচা শুরু হয় এবং একপর্যায়ে ধানগাছ মরে যেতে শুরু করে।এ বিষয়ে ন্যাশনাল এগ্রিকেয়ার ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট লিমিটেডের ঢাকা কার্যালয়ের একজন কর্মকর্তা কামরুল আহসান বলেন, কী কারণে এমনটি হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। কৃষি বিভাগের কর্মকর্তারা নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠিয়েছে। পরীক্ষার ফল এলে বিষয়টি জানা যাবে। দেশের অন্য কোনো জায়গায় এ সমস্যা হয়নি বলে তিনি দাবি করেন।