আগাছামুক্ত হলেও রাইড মেরামত হয়নি

ধানমন্ডি লেকঘেঁষা কলাবাগান শিশুপার্কের আগাছাগুলো পরিষ্কার করা হয়েছে। কিন্তু পার্কের নষ্ট হয়ে যাওয়া বিভিন্ন রাইড এখনো মেরামত করা হয়নি। তবে পরিবেশ পরিচ্ছন্ন হওয়ায় আনন্দ-বিনোদনে আসা শিশু-কিশোরের সংখ্যা আগের চেয়ে বাড়ছে।
গত ১৪ নভেম্বর প্রথম আলোতে ‘অযত্নে বেহাল কলাবাগান শিশুপার্ক’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল। এর কয়েক দিন পরই পার্কের আগাছা পরিষ্কার করা হয়। পার্কটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের। প্রচার না থাকায় অনেকে পার্কটি সম্পর্কে জানেনও না। ফলে দুই বছর ধরে অযত্নে-অবহেলায় নষ্ট হয়ে গেছে পার্কের বিভিন্ন রাইড ও পরিবেশ।

গতকাল বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, পার্কে চারপাশে হাঁটার পথসহ পুরো পার্ক ছেয়ে থাকা আগাছাগুলো পরিষ্কার করা হয়েছে। এতে পুরো পার্কটির অনেকাংশই পরিচ্ছন্ন হয়েছে। ২০ থেকে ২৫ জন শিশু-কিশোর পার্কে দোলনা, স্লিপারে খেলাধুলা করছিল। তবে পুরো পার্কে ঝরাপাতাসহ ছড়িয়ে আছে ময়লা-আবর্জনা। লোহার জালি দিয়ে ঘেরা গ্রিনহাউসটি আগের মতোই জরাজীর্ণ। এর দুটি দরজাও ভাঙা। ধানমন্ডি লেকে নামার সিঁড়ি ও পানির ওপর চতুর্ভুজ আকারের স্থাপনাটিতে ফাটল ধরেছে। পার্কটি দেখভালের জন্য ডিএসসিসির কোনো কর্মী ও পার্কের নামে কোনো সাইনবোর্ড দেখা যায়নি।
ডিএসসিসির প্রকৌশলী দপ্তর সূত্র জানায়, ধানমন্ডি লেকের উন্নয়ন প্রকল্পের অধীনে ২০১২ সালে পার্কটির নির্মাণকাজ শুরু হয়। শেষ হয় ২০১৪ সালের মে মাসে। পরে তা এক ব্যক্তিকে তিন বছরের জন্য ইজারা দেওয়া হয়। কিন্তু লেকে এই পার্কে তেমন যেত না। এ ছাড়া রাতে পার্কের অনেক মালামাল চুরি হয়ে যেত। ফলে ইজারাদার পার্কটি বন্ধ করে দিয়েছেন। এরপর থেকে এভাবেই পার্কটি পড়ে আছে। চালু করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
জানতে চাইলে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী (অঞ্চল-১) তানভীর আহমেদ বলেন, প্রথম আলোতে সংবাদটি ছাপানোর পর পার্কটি পরিষ্কার করতে ও তা খুলে দিতে ইজারাদারকে বলা হয়েছে। এ ছাড়া পার্কটির সার্বিক বিষয়ে ডিএসসিসির ব্যবস্থাপনা কমিটির পরবর্তী সভায় বিষয়টি উপস্থাপন করা হবে।