আগাম আলু চাষের ধুম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের কাউনিয়া উপজেলার চর-আজমখাঁয়ে আগাম আলু চাষ করা হচ্ছে। ছবিটি গতকাল দুপুরে তোলা l প্রথম আলো
রংপুরের কাউনিয়া উপজেলার চর-আজমখাঁয়ে আগাম আলু চাষ করা হচ্ছে। ছবিটি গতকাল দুপুরে তোলা l প্রথম আলো

রংপুরের কাউনিয়া উপজেলার তিস্তার চরাঞ্চলে আগাম আলু চাষের ধুম পড়েছে। গত বছর লাভ বেশি পাওয়ায় এবার কৃষকেরা আলু চাষে ঝুঁকে পড়েছেন।
উপজেলার চরহয়বৎখাঁ, ঢুষমারাচর, চরপল্লীমারী, চরনাজিরদহ, চরচাংড়া, প্রাণনাথচর, চরচতুরা, চররাজিব, গনাইসহ বিভিন্ন চরাঞ্চল গত মঙ্গলবার ঘুরে দেখা যায়, এসব চরাঞ্চলে বিনা-৭, ৩৩ ও ৩৪ নামে আগাম জাতের আমন ধান লাগানো হয়েছিল। ধান কাটা ও মাড়াই প্রায় শেষ পর্যায়ে। এখন চলছে আগাম আলু লাগানোর কাজ। এ জন্য জমি তৈরিসহ সার প্রয়োগে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। কুপরী, বগুরাই, সিলবিলাতি (লাল), গ্রানুলা ও কার্ডিলালসহ দেশি ও উন্নত জাতের আলু লাগানো হচ্ছে।
সিলবিলাতি ছাড়া অন্য জাতের আলু ৭০-৭৫ দিনের মধ্যে তুলে বাজারজাত করা সম্ভব বলে জানিয়েছেন কৃষি বিভাগের কর্মকর্তা ও কৃষকেরা। কৃষকদের মতে, ইতিমধ্যে চরাঞ্চলের প্রায় ৩০ ভাগ জমিতে আলু লাগানো সম্পন্ন হয়েছে।
টেপামধুপুর ইউনিয়নের চরহয়বৎখাঁ গ্রামের কৃষক শফিকুল ইসলাম ১৮০ শতক জমিতে এবার দেশি কুপরী জাতের আলু লাগিয়েছেন। তিনি বলেন, ‘গতবার ধান কাটার পর আগোতে ৬০ শতক জমিত (আগাম) আলু নাগেয়া প্রায় অর্ধেক লাভ হইছে। সেই জন্য এবার আরও বেশি করি ভূঁইয়োত আগে ভাগে আলু নাগাছি।’
হারাগাছ ইউনিয়নের চরনাজিরদহ গ্রামের কৃষক আকবর হোসেন বলেন, ‘চরাঞ্চলের মাটি হচ্ছে বালুমিশ্রিত। ভারী বৃষ্টিপাত হলেও আলুখেতের ক্ষতি হয় না। তাই আগাম আলু চাষে কোনো ভয় থাকে না। এবার আমি নিজেও চরাঞ্চলের প্রায় আড়াই একর জমিতে আলু লাগিয়েছি।’
ওই গ্রামের কৃষক শাহাদৎ হোসেন বলেন, ‘ভাই, হামরা হওচি চরের মানুষ। এইখানকার মাটিত সউগ আবাদও হয় না। বুদ্ধি-সুদ্ধি করি ফসল নাগবার নাগে। আলু, বাদাম, মরিচ, পেঁয়াজ এই ফসলগুলা ভালো হয়। এখন চরোত আলু নাগাওচি। এই আলু আগোতে উঠপে, বাজারোত তখন দামও ভালো থাকপে।’ অনেকটা অভিন্ন কথা বলেন, চরাঞ্চলের কৃষক রমজান আলী, বাবু মিয়া, সেরেকুল, শমশের আলী, সোবহান মিয়াসহ অনেকে।
নিজপাড়া গ্রামের কৃষক আবদুল মোতালেব বলেন, তিনি গত মৌসুমে সাড়ে ১১ একর জমিতে গ্রানুলা জাতের আলু চাষ করে ১ হাজার ৫০০ বস্তা আলু পেয়েছিলেন। এর মধ্যে মৌসুমের শুরুতেই ৪০০ বস্তা বিক্রি করেন। ১ হাজার ১০০ বস্তা হিমাগারে রাখেন। উৎপাদন খরচ ও হিমাগার ভাড়াসহ প্রতি বস্তায় (৮৪ কেজি) খরচ পড়ে ৯৫০ টাকা। সেই আলু বস্তাপ্রতি তিনি বিক্রি করেছেন গড়ে ১ হাজার ৬০০ টাকা করে। লাভ বেশি পাওয়ায় এবার তিনি ১৫ একরে লক্ষ্যমাত্রা নির্ধারণ করে আলু লাগানো শুরু করেছেন।
উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, কাউনিয়ার ২৮টি চরে প্রায় এক হাজার হেক্টরসহ উপজেলার বিভিন্ন স্থানে ৪ হাজার ৩০০ হেক্টরে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ২০০ হেক্টরে আগাম জাতের আলুর চাষ হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা শামিমুর রহমান বলেন, ‘এখন যে জমিতে কৃষকেরা আলু লাগাচ্ছেন, তা ৭০-৭৫ দিনের মধ্যে তুলে বাজারে বিক্রি করতে পারবেন। মৌসুমের শুরুতে নতুন আলুর চাহিদা থাকায় এমনিতেই বাজারে দাম চড়া থাকে। চরাঞ্চলের বালুমিশ্রিত পালি মাটিতে আগাম আলুর ফলন ভালোই হয়। তাই কৃষকেরা আগাম আলু চাষে ঝুঁকে পড়েছেন। ধারণা করা হচ্ছে, উপজেলায় চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আলুর চাষ হবে। মাঠপর্যায়ে কৃষকদের পরামর্শ প্রদানে আমরা তৎপর রয়েছি।’