আগাম আলুর দাম কম, কৃষক হতাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটে আগাম আলু চাষ করে কৃষকেরা লোকসান গুনছেন। এবার বীজআলুর দাম ছিল বেশি। আবার ফলন হয়েছে কম। বাজারে নতুন আলুর দামও কম। এ কারণে কৃষকেরা হতাশ।
গত শনিবার শহরের নতুন হাটে প্রতি মণ হল্যান্ড সাদা আলু বিক্রি হয়েছে ২২০ থেকে ২৫০ টাকায়। আর লাল গুটি আলু বিক্রি হয়েছে ৩৮০ থেকে ৪৪০ টাকায়। বর্তমান দামে বাজারে আলু বিক্রি করে বিঘাপ্রতি ৫ থেকে ৭ হাজার টাকা লোকসান গুনছেন চাষিরা।
জেলা শহরের নতুন হাট, জামালগঞ্জ, কালাই, পুনট, দুর্গাদহ, আক্কেলপুরসহ বিভিন্ন হাটবাজারে প্রতি মণ আগাম সাদা হল্যান্ড, রোমানা, কার্ডিনাল, গ্যানোলা জাতের আলু ২৫০ থেকে ২৭০ টাকায় বিক্রি হচ্ছে। আর প্রতি মণ লাল গুটি আলু বিক্রি হচ্ছে ৩৭০ থেকে ৪৪০ টাকায়। কৃষকেরা বলছেন, এক বিঘা জমিতে আলুর চাষ করে তাঁদের খরচ হয় ১৬ থেকে ১৭ হাজার টাকা। এবার বীজআলুর দামও ছিল চড়া। ৮০ কেজির প্রতি বস্তা আলু তাঁদের কিনতে হয়েছে ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকায়। কীটনাশকের দামও বেশি। এবার আগাম জাতের আলু খেতে নাবিধসা রোগ দেখা দেয়। এ কারণে আলুর ফলন গত বছরের চেয়ে অনেক কম হয়েছে। কৃষকেরা গত বছর প্রতি বিঘা জমিতে ৫০ থেকে ৬০ মণ আলু পেয়েছিলেন। এবার প্রতি বিঘায় আলু হয়েছে ৩০ থেকে ৪০ মণ।
কালাই উপজেলার ডিংরাপাড়া গ্রামের কৃষক সাদেক আলী বলেন, তিনি চার বিঘা জমিতে আলুর আবাদ করেছেন। প্রতি মণ আলু ৩৭০ টাকা দরে বিক্রি করেন। প্রতি বিঘায় তিনি ৩০ থেকে ৪০ মণ আলু পেয়েছেন। এক বিঘা জমিতে আলু আবাদে বীজ, সার, কীটনাশক, সেচ, হালচাষ, মজুরি মিলিয়ে তাঁর ১৬ থেকে ১৭ হাজার টাকা খরচ হয়েছে। গত বছর এ সময় প্রতি মণ আলুর দাম ছিল ৮০০ টাকা।
সদর উপজেলার শিয়ালচরা গ্রামের প্রান্তিক কৃষক কামাল উদ্দিন বলেন, তিনি দুই বিঘা জমিতে আলু চাষ করেছেন। আর কিছুদিন পর আলু তুলবেন। কিন্তু এখনই বাজারে আলুর দামে কম। এতে তিনি হতাশ।
ক্ষেতলাল উপজেলার দুর্গাপুর গ্রামের কৃষক রফিকুল ইসলাম সাড়ে ৫ বিঘা জমিতে আলু চাষ করেছেন। তার মধ্যে দুই বিঘা জমিতে আগাম জাতের আলু রোপণ করেন। প্রায় ২০ দিন আগে তিনি ৫৫০ থেকে ৬০০ টাকায় প্রতি মণ লাল আলু বিক্রি করেন। এখন তা বিক্রি করতে হচ্ছে ৩৮০ টাকায়।
জামালগঞ্জ বাজারের আলু ব্যবসায়ী আনিছুর রহমান বলেন, এবার দিনাজপুর ও জয়পুরহাটের আগাম আলু একসঙ্গে বাজারে এসেছে। এ কারণে স্থানীয় বাজার ও ঢাকার বাজারে দাম কম।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলায় চলতি মৌসুমে ৪০ হাজার হেক্টর জমিতে আলুর চাষ হয়েছে। এর মধ্যে পলি এলাকার জমিতে আগাম জাতের সাদা হল্যান্ড এবং ১০ হাজার হেক্টর জমিতে লাল গুটি আলুর আবাদ হয়েছে। আর ৩০ হাজার হেক্টর জমিতে আমনের ধান কেটে কৃষকেরা আলুর চাষ করেছেন।
জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (শস্য) মো. আবু তাহের বলেন, কিছুদিন পর আলুর পুরো মৌসুমে হিমাগারে রাখার জন্য ব্যবসায়ীরা আলু কিনতে শুরু করবেন। তখন কৃষকেরা আলুর ভালো দাম পাবেন।