আগাম আলুরও দাম নেই কৃষকের হতাশা বাড়ছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিমাগারে রাখা আলুর দাম না পেয়ে তুলতে যাননি বগুড়ার শিবগঞ্জ উপজেলার চন্ডিহারার চাষি মোমিন মিয়া (৪৫)। অনেক আশা নিয়ে আবার আলু চাষ করেছেন। কিন্তু মৌসুম শুরুর আগেই তোলা এসব নতুন আলুর দাম না পেয়ে হতাশ হয়ে পড়েছেন তিনি। মোমিন মিয়া গত মঙ্গলবার মহাস্থান হাটে আলু বিক্রি করতে এসেছিলেন। এবার তিন বিঘা জমিতে আলুর চাষ করেছেন। কিন্তু আলু বিক্রি করে উৎপাদন খরচ উঠছে না। মৌসুমি আলু উঠতে এখনো অনেক বাকি। এই আলু হাটে উঠলে দাম আরও পড়ে যাবে। তখন এই আলুর কী হবে, সে চিন্তাই তাঁর। মহাস্থান হাটে প্রতি মণ লাল আলু বিক্রি হচ্ছে ৩৬০ থেকে ৩৮০ টাকা। সাদা আলু বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৪০ টাকা মণ। এতে করে আলুচাষিরা হতাশ হয়ে পড়েছেন। এমনিতে ঘন কুয়াশা ও তীব্র শীতের কারণে আলুতে রোগ দেখা দিয়েছে, তার ওপর এই কম দামে দিশেহারা চাষিরা। মোমিন মিয়া বলেন, ‘এর আগে শীতের সবজি ও সবে কাটা মাড়াই করা আমন ধান চাষ করে লোকসান গুনে এখন আলুচাষ করে মাথায় হাত। পেপারত খালি শেয়ারবাজার লিয়ে হইচই হয়, কিন্তু হামরা চাষিরা কোনো ফসলের দাম পাচ্ছি না, তা কেউ দেখপার আসে না।’গাবতলী উপজেলার নারুয়ামালা গ্রামের চাষি আলম মিয়া বলেন, মোটা ধান ৫০০ থেকে সাড়ে ৫০০ টাকা মণ দরে বিক্রি করতে হয়েছে। এবার পাটের দামও নেই। প্রতি মণ পাট ৫০০ থেকে ৬০০ টাকায় বিক্রি করতে হচ্ছে। অথচ গত বছর দুই হাজার টাকার ওপরে প্রতি মণ পাট বিক্রি হয়েছে। সারিয়াকান্দি ও সোনাতলা এলাকায় এবার পেঁয়াজের ব্যাপক চাষ হয়েছে। কিন্তু সেই পেঁয়াজের দামও এবার নেই।বগুড়ার আলু উৎপাদনের জন্য বিখ্যাত শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, মাঠের পর মাঠ আলু জমিতেই রয়ে গেছে। অনেকেই আগে লাগানো আলু তুলছে। কেউ কেউ আলু তুলে জমিতেই রেখে দিয়েছে রোদে শুকানোর জন্য। মহাস্থান বা এর আশপাশের হাটগুলোতে প্রতিদিন আলুর আমদানি বাড়ছে। কিন্তু বাড়ছে না দাম। গাড়িদহ এলাকার চাষি কোবাদ আলী জানান, এবার সাত বিঘা জমিতে আলুর চাষ করে তাঁর খরচ হয়েছে লক্ষাধিক টাকা। বাজারে যে দাম, ওই দামে আলু বিক্রি করলে তাঁর অনেক লোকসান গুনতে হবে। এই আলু চাষ করতে ধারদেনা করেছেন ৩৪ হাজার টাকা। এই টাকা কীভাবে শোধ করবেন, সে চিন্তায় দিশেহারা তিনি।বেসরকারি উন্নয়ন সংস্থা পেসডের নির্বাহী পরিচালক মাহফুজ আরা বলেন, আলুচাষিরা গত বছরের মতো এবারও শুরুতেই লোকসান গুনতে শুরু করেছেন। অনেক চাষি বেসরকারি সংস্থা থেকে ঋণ নিয়ে জমি চাষ করলেও ওই ঋণ শোধ নিয়ে চিন্তিত তাঁরা। কারণ, প্রতিটি ফসলেই তাঁরা দাম পাচ্ছেন না। গাবতলী উপজেলা কৃষি কর্মকর্তা মিফতাহুল বারী বলেন, গাবতলীর আকন্দপাড়ার চাষিরা অনেকে টেমেটো চাষ করলেও তাঁরা ভালো দাম পাননি। এতে করে তাঁরা আগ্রহ হারিয়ে ফেলবেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার উপপরিচালক একরাম হোসেন জানান, এ বছর বগুড়া জেলায় প্রায় ৬৫ হাজার হেক্টর জমিতে আলুর চাষ করা হয়েছে। তিনি বলেন, চাষিরা এখন ফসল উৎপাদন কয়েকগুণ বাড়িয়ে দিয়েছেন। কিন্তু সেই ফসল ওঠার পরে কাঙ্ক্ষিত দাম না পেয়ে হতাশ হয়ে পড়ছেন। তাঁরা ফসলের উৎপাদন খরচ তুলতে পারছেন না।