
ঝলমলে মঞ্চে দ্যুতি ছড়ানো রং ও নকশার বাহারি সব পোশাক যেন বারতা দিল আগাম ঈদের৷ গান ও বাদ্যের তালে তালে কখনো শাড়ি, কখনো সালোয়ার-কামিজ, কখনো ফতুয়া, কখনোবা পাঞ্জাবি পরে হাজির হলেন র্যাম্প মডেলরা। গান, নৃত্য আর কথামালার ফাঁকে ছিল মডেলদের মনোমুগ্ধকর ক্যাটওয়াক। সেই সঙ্গে তাঁরা আসছে ঈদের সেরা সব পোশাকের খোঁজ জানান দিয়ে গেলেন।
গতকাল শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের হল টোয়েন্টিফোরে ‘ডায়মন্ড ওয়ার্ল্ড-প্রথম আলো ঈদ ফ্যাশন প্রতিযোগিতা’র জমকালো আয়োজন ঈদের আগাম বারতাই যেন সবাইকে জানিয়ে দিল।
ঈদের সেরা পোশাক নির্বাচনের এই প্রতিযোগিতা হয়ে উঠল গান, নাচ আর ক্যাটওয়াকের অপূর্ব এক প্রদর্শনীতে। গ্রামবাংলার চিরায়ত ঐতিহ্য ফুটে উঠল পুরো আয়োজনে।
অনুষ্ঠানে চট্টগ্রামের আঞ্চলিক গান ‘ওরে সাম্পানওয়ালা’র সঙ্গে নায়ক ফেরদৌসের মঞ্চে আগমন ছিল বাড়তি চমক। তিনি শুভেচ্ছা জানান চট্টগ্রামের দর্শকদের। চট্টগ্রামে এমন আয়োজনেরও প্রশংসা করেন তিনি।
‘আকাশভরা সূর্য-তারা’ গানের সঙ্গে নৃত্যের মধ্য দিয়ে ফ্যাশন প্রতিযোগিতার পর্দা ওঠে। অনন্য বড়ুয়া ও তাঁর দলের এই সম্মেলক নৃত্যজুড়ে ছিল আবহমান গ্রামবাংলার নানা চিত্র। সমতলের পাশাপাশি পাহাড়ি জনগোষ্ঠীর সংস্কৃতিও উঠে আসে নৃত্যে। এরপর একে একে শাড়ি, সালোয়ার-কামিজ, ফতুয়া, পাঞ্জাবি পরে হাজির হন মডেলরা। ছিল গান, সম্মিলিত নাচ। প্রাপন একাডেমি এবং রাঙামাটির উজানি ড্যান্সের বৃন্দ নৃত্যও মুগ্ধ করেছে দর্শকদের।
পাওয়ার বয়েজের শিল্পী আনিকা ‘মন ভাবে কারে এই মেঘলা দিনে’, নিটোল পায়ে রিনিক ঝিনিক’, ‘আমায় ডেকো না ফেরানো যাবে না’ গানে মুগ্ধতা ছড়ান। আঞ্চলিক ভাষায় সংলাপ বলে দর্শকদের আনন্দ দেন শিল্পী পার্থ বড়ুয়া ও অপর্ণা বড়ুয়া। পরে ‘মধু হই হই বিষ খাওয়াইলা’ গানটি শোনান দুজনে।
এ ছাড়া পার্থ বড়ুয়া গেয়ে শোনান ‘কেন এই নিঃসঙ্গতা কেন এই মৌনতা’ গানটি।
সুব্রত বড়ুয়া রনির মঞ্চসজ্জায় অনুষ্ঠান উপস্থাপনার দায়িত্বে ছিলেন ইমতু। ডায়মন্ড ওয়ার্ল্ডের পোশাক এবং গয়নারও একটি ফ্যাশন কিউ ছিল অনুষ্ঠানে।
প্রতিযোগিতায় বিচারক ছিলেন রওশন আরা চৌধুরী, আইভি হাসান, নূরে জান্নাত নিপা, এইচ এম ইলিয়াস ও মোয়াজ্জেম হোসেন।
অনুষ্ঠানের মূল স্পনসর ডায়মন্ড ওয়ার্ল্ড। কো-স্পনসর ছিল রিজেন্ট এয়ারওয়েজ। প্রচার সহযোগী ও রূপসজ্জা সহযোগী ছিল যথাক্রমে বাংলাভিশন ও পারসোনা।
প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরীর পরিচালনায় প্রতিযোগিতার পুরস্কার বিতরণ পর্ব অনুষ্ঠিত হয়।
১৮তম বছরে পা দেওয়া এই ফ্যাশন প্রতিযোগিতায় এবার ১২টি বিভাগে পুরস্কার দেওয়া হয়।
পুরস্কার তুলে দেন অভিনয়শিল্পী পার্থ বড়ুয়া, অপর্ণা, আনিসুল হক, দীলিপ কুমার আগারওয়ালা ও আনিসুল আলম চৌধুরী।
এর আগে মঞ্চে প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক বলেন, চট্টগ্রাম সব সময় বাংলাদেশকে পথ দেখায়। তিনি এই আয়োজনে অংশ নেওয়া প্রতিযোগী এবং পৃষ্ঠপোষক ডায়মন্ড ওয়ার্ল্ডকে ধন্যবাদ জানান।
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দীলিপ কুমার আগারওয়ালা ভবিষ্যতেও সুন্দর এই আয়োজনের সঙ্গে যুক্ত থাকার আগ্রহ প্রকাশ করেন।
কো-স্পনসর রিজেন্ট এয়ারওয়েজের হেড অব মার্কেটিং আনিসুল আলম চৌধুরী এই আয়োজনের প্রশংসা করেন।