গত দুই বছর লোকসান দেওয়ার পর এবার কিছুটা লাভের মুখ দেখছেন রংপুরের তারাগঞ্জের আলুচাষিরা। বীজ আলুর সংকট ও বৃষ্টির কারণে লাগাতে দেরি হওয়ায় বাজারে নতুন আলু আসতে দেরি হচ্ছে। এতে দাম বেড়েছে আলুর। দাম ভালো থাকায় এখন উপজেলার আলুচাষি ও ব্যবসায়ীরা হিমাগারে রাখা আলু বের করছেন।
কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, গত দুই বছর আলুর বাম্পার ফলন হলেও দাম ভালো পাওয়া যায়নি। প্রতি মণ ৮০ থেকে ১১০ টাকা দরে আলু বিক্রি করে লোকসান গুনতে হয়েছে কৃষকদের। এদিকে প্রতিবছরই মোটামুটি নভেম্বরের শুরুতেই বাজারে আগাম জাতের আলু চলে আসে। কিন্তু গত ২০ সেপ্টেম্বর থেকে অক্টোবরের প্রথম সপ্তাহ পর্যন্ত দফায় দফায় বৃষ্টি হওয়ায় আগাম জাতের আলু লাগাতে দেরি হয়ে যায়। তাই এখনো বাজারে আর নতুন আলু আসেনি। এতে আলুর দাম বেড়ে গেছে।
গতকাল মঙ্গলবার ইকরচালী, তারাগঞ্জ, বালাবাড়ি ও ডাংগীরহাট বাজার ঘুরে দেখা গেছে, গ্রানুলাসহ সাদা জাতের প্রতি কেজি আলু ১৮ এবং কার্ডিনাল জাতের আলু ২৩ টাকা দরে বিক্রি হচ্ছে। আগাম জাতের আলু কোনো বাজারেই দেখা যায়নি।
বরাতি গ্রামের কৃষক রবিউল ইসলাম বলেন, ‘প্রতিবছর মুই সেপ্টেম্বর মাসোত আলু লাগাও। নভেম্বর মাসোত সেই আলু তুলি বেশি দামে বেচাও, আবার নমলা আলু লাগাও। কিন্তুক এবার ওই সময় বৃষ্টি হওয়ায় আলু লাগবার পাও নাই।’