আগাম জাতের আলু চাষ করে বিপাকে চাষিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগাম আলু তোলার কাজে ব্যস্ত সময় পার করছেন নীলফামারীর কিশোরগঞ্জের নারী শ্রমিকেরা। ছবিটি গতকাল পোড়াকোট গ্রাম থেকে তোলা l প্রথম আলো
আগাম আলু তোলার কাজে ব্যস্ত সময় পার করছেন নীলফামারীর কিশোরগঞ্জের নারী শ্রমিকেরা। ছবিটি গতকাল পোড়াকোট গ্রাম থেকে তোলা l প্রথম আলো

লাভের আশায় আগাম জাতের আলু চাষ করে দাম না পেয়ে বিপাকে পড়েছেন নীলফামারীর কিশোরগঞ্জের আলুচাষিরা। সরবরাহ বৃদ্ধি পাওয়ায় ও পুরোনো আলু বাজারে থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

কিশোরগঞ্জের জমি আলু আবাদের জন্য উর্বর হওয়ায় প্রতিবছর এখানে আগাম ও নমলাজাতের আলুর চাষ করে লাভবান হন আলুচাষিরা। কিন্তু এ বছর বাজারে দাম পড়ে যাওয়ায় লোকসান গুনতে হচ্ছে তাঁদের।

জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা গেছে, জেলায় এবার ২১ হাজার ৩৩২ হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে। এর মধ্যে সাড়ে নয় হাজার হেক্টর জমিতে আগাম জাতের আলু রয়েছে। ওই আগাম জাতের আলুর মধ্যে পাঁচ হাজার হেক্টর জমির আবাদ উঠেছে ও সাড়ে চার হাজার হেক্টর জমির আবাদ ওঠানোর প্রক্রিয়া চলছে। এর মধ্যে কিশোরগঞ্জে ৫ হাজার ৮৫০ হেক্টর জমিতে আলু চাষ করা হয়েছে।

গতকাল রোববার দুপুরে কথা হয় উপজেলার বাহাগিলি ইউনিয়নের দুরাকুটি গ্রামের কৃষক আলম হোসেনের (৫৫) সঙ্গে। তিনি বলেন, ‘এবার আগাম জাতের আলু আবাদ করেছি আট বিঘা জমিতে। তাতে আমার খরচ হয়েছে প্রায় দুই লাখ টাকা। এলাকায় আলুর দাম কম, তাই লাভের আশায় উৎপাদিত ১৪ টন আলু ট্রাকে করে ঢাকার বাজারে নিয়ে যাই। সেখানে বিক্রি হয়েছে ১ লাখ ৩৬ হাজার টাকায়। ট্রাকভাড়া দিতে হয়েছে ২৬ হাজার টাকা। মোট আমার লোকসান হয়েছে ৯০ হাজার টাকা। তবে আমি গত পাঁচ বছর আগাম আলু চাষ করে লাভবান হয়েছি। কিন্তু এবার পুঁজি হারাতে হয়েছে।’

পুটিমারি ইউনিয়নের পোড়াকোট গ্রামের কৃষক অহিদুল ইসলাম (৪২) এবার দুই বিঘা জমিতে আলু আবাদ করেছেন। তিনি গতকাল আলুতুলে সাত টাকা কেজি দরে স্থানীয় ব্যবসায়ীর কাছে খেতেই বিক্রি করেছেন। দুই বিঘা জমিতে তাঁর আলুর ফলন হয়েছে ৩ হাজার ৪০০ কেজি। আলু আবাদে খরচ হয়েছে প্রায় ৪০ হাজার টাকা। আর বিক্রি করেছেন ২৩ হাজার ৮০০ টাকায়।

পুটিমারী ইউনিয়নের উত্তর কালিকাপুর গ্রামের কৃষক আবদুস সামাদ (৫০) দেড় বিঘা, মনোয়ারুল ইসলাম (৬০) পাঁচ বিঘা ও সহিদুল ইসলাম (৫৫) ২৫ বিঘা জমিতে আলু আবাদ করেছেন। বাজার মন্দার কারণে তাঁরাও সবাই হতাশ। তাঁরা বলেন, এবার বাজার এতটাই খারাপ যে সাত টাকা কেজিতেও আলু নিতে চাচ্ছেন না ব্যবসায়ীরা। অন্য বছর এ সময়ে বাইরের ব্যবসায়ীরা এলাকায় এসে আলু নিয়ে যেতেন ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায়। কিন্তু এবার বাজার মন্দার কারণে বাইরের ব্যবসায়ীরা আসছেন না। তাই এলাকার ব্যবসায়ীদের বেঁধে দেওয়া দামে আলু বিক্রি হচ্ছে। ওই দামে আলুর উৎপাদন খরচও উঠছে না।

পুটিমারী ইউনিয়নের পোড়াকোট বাজারের আলু ব্যবসায়ী আহাদ আলী (৪০) বলেন, ‘এলাকার কৃষকদের কাছ থেকে আলু কিনে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কক্সবাজারসহ বিভিন্ন এলাকায় নিয়ে বিক্রি করছি। সুনামের কারণে এ এলাকার নতুন আলুর চাহিদাও দেশজুড়ে। কিন্তু এবার বাজার খুবই মন্দা। ১০ থেকে ১২ বছর ধরে আলুর ব্যবসা করছি। আগাম আলুর বাজারে এমন অবস্থা কখনো দেখিনি। বাজার মন্দার কারণে কৃষকেরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনি ব্যবসায়ীরাও তেমন লাভের মুখ দেখছেন না।’

এ ব্যাপারে জানতে চাইলে জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মো. আবুল কাশেম আযাদ বলেন, ‘কৃষকেরা প্রথমে প্রতি কেজি আলু ৪৫ থেকে ৫০ টাকা দরে বিক্রি করতে পেরেছেন। এখন দেশের বিভিন্ন এলাকায় আগাম আলু ওঠায় বাজারে সরবরাহ বেড়েছে, এ কারণে দাম কিছুটা কমেছে। এ ছাড়া বাজারে পুরোনো আলু রয়েছে। তবে উৎপাদন ভালো হওয়ায় কৃষকদের লাভ কম হলেও লোকসান হবে না।’